১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেসি নয় ওতামেন্দির জার্সি চাই কেইপ ভার্ড ডিফেন্ডারের

গত মৌসুমে বেনফিকায় অভিজ্ঞ সেন্টার ব‍্যাক নিকোলাস ওতামেন্দির সঙ্গে খেলেন লোপেস কাবরাল।

মেসি নয় ওতামেন্দির জার্সি চাই কেইপ ভার্ড ডিফেন্ডারের
কেইপ ভার্ডের ডিফেন্ডার লোপেস কাবরাল (বাঁয়ে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2026, 06:21 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ম‍্যাচ শেষে লিওনেল মেসির জার্সি চান না বলে চমকে দিলেন কেইপ ভার্ড ডিফেন্ডার লোপেস কাবরাল। শেষ বত্রিশের লড়াইয়ে তরুণ এই ফুটবলার চান অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির জার্সি। 

গত মৌসুমে ক্লাব ফুটবলে ওতামেন্দির সতীর্থ ছিলেন ২৩ বছর বয়সী ফুলব‍্যাক কাবরাল। বিশ্বকাপের আগে তুরস্কের ক্লাব ত্রাবজোন্সপোরে যোগ দেন তিনি। বেনফিকা ছাড়েন ওতামেন্দিও, তার গন্তব‍্য এখনও ঠিক হয়নি। রিভার প্লেটে যোগ দিতে পারেন বলে জোর গুঞ্জন আছে।

স্প‍্যানিশ ক্রীড়া পত্রিকা এএসকে সাক্ষাৎকার দেন কাবরাল। সেখানে জানতে চাওয়া হয় আর্জেন্টিনার বিপক্ষে ম‍্যাচ শেষে মেসির জার্সি তিনি চাইবেন কিনা।

“মেসি? না, না। আমি জার্সি বদল করব ওতামেন্দির সঙ্গে। এই মৌসুমের আগে পর্যন্ত তিনি আমার সতীর্থ ছিলেন।”  

বাংলাদেশ সময় আগামী শনিবার শেষ বত্রিশে শিরোপাধারীদের মুখোমুখি হবে এই আসরের চমক কেইপ ভার্ড। ওই ম‍্যাচ ইতিহাসের সেরা মেসির বিপক্ষে খেলতে উন্মুখ কাবরাল।

“খেলোয়াড়দের জন‍্য মেসির বিপক্ষে খেলা দারুণ সম্মানের। তিনি সর্বকালের সেরা। আমরা নিজেদের দিকে, নিজেদের খেলার দিকে মনোযোগ দিচ্ছি। কীভাবে ম‍্যাচ খেলব সেদিকে মনোযোগ দিচ্ছি। আমাদের মনোযোগ এখন এখানেই নিবদ্ধ।”

প্রথমবার বিশ্বকাপে খেলছে কেইপ ভার্ড। স্পেন, উরগুয়ে ও সৌদি আরবের গ্রুপে থেকেও কোনো ম‍্যাচ হারেনি তারা। তিন ড্রয়ে দ্বিতীয় হয়ে জায়গা করে নিয়েছে শেষ বত্রিশে।