০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বার্সেলোনার অনেক কিছু বদলাতে হবে’, মনে করেন ওলমো

বারবার চোটে পড়ার কারণে সমালোচকরা তীর্যক মন্তব্য করলেও তা পাত্তা দেন না বলে জানালেন বার্সেলোনার এই মিডফিল্ডার।

‘বার্সেলোনার অনেক কিছু বদলাতে হবে’, মনে করেন ওলমো
বার্সেলোনা মিডফিল্ডার দানি ওলমো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2026, 09:27 PM

Updated : 26 Aug 2026, 02:59 PM

হঠাৎ করেই যেন ছন্দপতন বার্সেলোনার। কোপা দেল রে সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদের মাঠে বিধ্বস্ত হওয়ার পর জিরোনার বিপক্ষে হেরে লা লিগায় শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হয়েছে তাদের। সামনে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও আছে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে দলটির মিডফিল্ডার দানি ওলমোর মনে হচ্ছে, সাফল্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শেষ করতে হলে অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে তাদের।

আরএসিওয়ানের সাথে আলাপচারিতায় সেই পরিবর্তনগুলো কী কী হতে পারে, সে বিষয়ে অবশ্য বিস্তারিত বলেননি ওলমো। তবে ওই আলাপচারিতায় নিজের চোট প্রবণ শরীর নিয়ে সমালোচকদের তীর্যক কথার পাল্টাও দিয়েছেন তিনি, বলেছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আকাঙ্ক্ষাও। 

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সরাসরি শেষ ষোলোয় উঠেছে বার্সেলোনা। প্লে-অফগুলো হওয়ার পর জানা যাবে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কাদের মুখোমুখি হতে হবে হান্সি ফ্লিকের দলকে। 

গতবার বার্সেলোনার পথচলা থেমেছিল সেমি-ফাইনালে; ইন্টার মিলানের কাছে হেরে। সানসিরোর সেই ম্যাচের প্রসঙ্গ টেনে ওলমো বললেন, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ মোটেও সহজ হবে না তাদের জন্য।

“চ্যাম্পিয়ন্স লিগ কঠিন হবে। এটি জয়ের জন্য যদি আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, তাহলে আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করতে হবে।”

“এই বছরটা বিশেষ। গত মৌসুমে আমরা এটা জয়ের খুব কাছাকাছি এসেছিলাম… ওই ম্যাচটি (সেমি-ফাইনালের দ্বিতীয় লেগ) আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল।”

চোটের ছোবলে প্রায়ই মাঠের বাইরে থাকতে হয় ওলমোকে। গত ডিসেম্বরে পাওয়া কাঁধের চোট লম্বা সময় মাঠের বাইরে ছিলেন তিনি। চোটপ্রবণ শরীরের কারণে সমালোচনাও শুনতে হয় এই স্প্যানিশ মিডফিল্ডারকে। এসব অবশ্য পাত্তা দেন না বলেই জানালেন তিনি।

“আমি ভালো সময়ের মধ্যে আছি, কিন্তু আমি মনে করি, আমার সেরাটা এখনও আসেনি। শারীরীকভাবে ভালো আছি। আমার ধারাবাহিকতার প্রয়োজন ছিল এবং সবকিছু ভালো চলছে।”

“লোকে বলে আমি অনেক চোট পাই। আমি তাদের এই কথা পাত্তা দেই না, তাদের সাথে একমতও নই। ট্রমার (অবসাদ) কারণে চোট হয়েছিল, যেটি আমি নিয়ন্ত্রণ করতে পারি না। কেননা, এটা খেলার অংশ। আমার পেশির কিছু চোট ছিল, বিশেষ করে গত বছর, কিন্তু গত মৌসুমে এত বেশি চোটে পড়িনি। নিজের শরীরটাকে ভঙ্গুর মনে করি না আমি।” 

সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে খেলা সবশেষ সাত ম্যাচে চার গোল করার পাশাপাশি দুটিতে অবদান রাখেন ওলমো। রোববার লা লিগায় তার দল মুখোমুখি হবে লেভান্তের।