১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঝড় তুলে ফাইনালে সাবালেঙ্কা

টুর্নামেন্টে এখন পর্যন্ত তার সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি কেউ।

ঝড় তুলে ফাইনালে সাবালেঙ্কা
টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 06:15 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে অবিশ্বাস্য ছন্দে শেষ ধাপে পৌঁছে গেছেন আরিনা সাবালেঙ্কা। এলিনা স্ভিতোলিনাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন নাম্বার ওয়ান তারকা।

নারী এককের সেমি-ফাইনালে ওঠার পথে র‌্যাঙ্কিংয়ে নিজের চেয়ে এগিয়ে থাকা দুজনকে হারিয়ে এসেছেন স্ভিতোলিনা। কিন্তু বৃহস্পতিবার কোনো প্রতিরোধই গড়তে পারেননি তিনি। দ্বাদশ বাছাই ইউক্রেইনের এই প্রতিপক্ষকে ৬-২, ৬-২ গেমে হারান সাবালেঙ্কা।

মেলবোর্ন কোর্টের ২০২৩ ও ২০২৪ আসরের চ্যাম্পিয়ন বেলারুশ তারকা গত বছর ফাইনালে ম্যাডিসন কিসের বিপক্ষে তিন সেটের লড়াইয়ে হেরে যান। ট্রফিটি আবার উঁচিয়ে ধরার অভিযানে এবার এখন পর্যন্ত একটিও সেট হারেননি ২৭ বছর বয়সী তারকা।

টানা ১১ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে কোর্টে নামবেন সাবালেঙ্কা। এখন পর্যন্ত মোট চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা আগামী শনিবারের ফাইনালে লড়বে এলেনা রিবাকিনা অথবা জেসিকা পেগুলার বিপক্ষে।