ম্যাচের ফলে সন্তুষ্ট পিএসজি কোচ, পারফরম্যান্সে নন
চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে মাঠে নামার আগেই নিজেদের ঘাটতি পুষিয়ে নেওয়ার তাগিদ দিলেন লুইস এনরিকে।
শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা লা হাভ্রের বিপক্ষে মিলেছে প্রত্যাশিত জয়। ব্যবধানটাও বেশ বড়। তবে, দলের পারফরম্যান্সে ঠিক মন ভরেনি পিএসজি কোচ লুইস এনরিকের। উন্নতির অনেক জায়গা দেখছেন তিনি।
লিগ আঁয় টেবিলের নিচের সারির দলের বিপক্ষে শনিবার ৩-০ গোলে জিতেছে চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে লি কাং-ইনের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান জোয়াও নেভেস। শেষ দিকে তৃতীয় গোলটি করেন ব্রাডলি বার্কোলা।
চোটের কারণে তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও রক্ষণের ভরসা আশরাফ হাকিমিকে পাননি কোচ এনরিকে। আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা সেরে ফেরা আরেক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মার্কিনিয়োসকেও নামাননি তিনি।
ঠাসা সূচির মাঝে ফিফা উইন্ডোর ব্যস্ততা এবং সঙ্গে যোগ হয় ভ্রমণক্লান্তি, এসবের পর খেলোয়াড়দের ঠিকঠাক ম্যানেজ করাটা খুব গুরুত্বপূর্ণ মনে করেন এনরিকে।
“আন্তর্জাতিক বিরতির পর সবকিছু ঠিকঠাক ম্যানেজ করাটা সবসময়ই কঠিন। প্রত্যেক খেলোয়াড়ের কতক্ষণ খেলোনো ঠিক হবে, তাদের (শারীরিক) অবস্থা, তারা ভ্রমণ করেছে, এই সব বিষয়ে নজর রাখতে হয়।”
“আমার মতে, আজ সবচেয়ে ভালো যেটা আমরা পেলাম, সেটা হলো ম্যাচের ফল। প্রথমার্ধে আমাদের পারফরম্যান্সে ঘাটতি ছিল, কিন্তু ফল ভালো হয়েছে আর এই তিন পয়েন্ট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
প্রায় ৬৫ শতাংশ সময় পজেশন রেখে গোলের জন্য ৩১টি শট নিয়ে ১১টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি। বিপরীতে হাভ্রের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে।
এতটা আধিপত্য করেও পুরোপুরি খুশি হতে পারছেন না পিএসজিকে গতবার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ট্রেবল জেতানো এনরিকে। ম্যাচের পর খুব দ্রুত দলকে ঘাটতিগুলো পুষিয়ে নেওয়ার তাগিদ দিলেন তিনি।
“আমাদের আরও উন্নতির প্রয়োজন এবং দলকে আরও ভালো খেলতে হবে। তবে এই মুহূর্তে ফল পাওয়াটা আসল, কারণ আমাদের এখন পরের ম্যাচ নিয়ে ভাবতে হবে।”
চ্যাম্পিয়ন্স লিগে আগামী বুধবার টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে পিএসজি। ইউরোপ সেরার মঞ্চে এবার প্রথম তিন ম্যাচে জয়ের পর সবশেষ রাউন্ডে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে প্যারিসের দলটি।
ওই হারে টেবিলের শীর্ষস্থানও হারায় পিএসজি। ওই হতাশা মুছে লক্ষ্য এবার তাই ঘুরে দাঁড়ানোর, দলকে সেই বার্তাই দিলেন এনরিকে।
