ইংলিশ ফুটবল
Published : 29 Nov 2024, 08:26 PM
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হুবেন আমুরির কৌশলে স্বাচ্ছন্দ্যবোধ করছেন রাসমুস হয়লুন। বুদে/গ্লিম্টের বিপক্ষে জোড়া গোল করা এই ডেনিশ ফরোয়ার্ডের মনে হচ্ছে, পর্তুগিজ কোচের কোচিংয়ে নিজেকে মেলে ধরতে পারবেন তিনি।
ইউরোপা লিগের ম্যাচে বৃহস্পতিবার নরওয়ের ক্লাবটিকে ৩-২ গোলে হারায় ইউনাইটেড। প্রথমার্ধের শেষ দিকে দারুণ ফিনিশিংয়ে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন হয়লুন। পরে দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে তার পা থেকে আসে ব্যবধান গড়ে দেওয়া গোলটি।
ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর এটি ছিল আমুরির দ্বিতীয় ম্যাচ। এখানে তার অভিষেক ম্যাচে ইপ্সউইচ টাউনের বিপক্ষে ড্র করে ইউনাইটেড।
এই জয়ে বড় অবদান রাখা হয়লুন অনেক দিন পর পেলেন জালের দেখা। ইউনাইটেডের জার্সিতে সবশেষ গোল করেছিলেন তিনি ব্রেন্টফোর্ডের বিপক্ষে গত মাসে।
দলের প্রয়োজনে নিজেকে মেলে ধরতে পেরে দারুণ খুশি হয়লুন। ম্যাচ শেষে বললেন, আমুরির কৌশল তার খেলার ধরনের সঙ্গে মানাসই হওয়ায় ভালো কিছু করতে আশাবাদী তিনি।
“আমার মনে হয়, আমুরির কোচিংয়ের নতুন কৌশল.. এটা আমার খেলার ধরনের সঙ্গে মানানসই। প্রক্রিয়াটি বেশ আলাদা। আমাকে পেছনের চেয়ে সামনে দিকে একটু বেশি মনোযোগ দিতে হবে।”
“আমি এই ধরনের ফুটবল খেলেছি- পুরোপুরি একই তা বলছি না, তবে আতালান্তায় আমি যে ৩-৪-৩ ফর্মেশনে খেলতাম, কিছুটা একই রকম।”
ইতালিয়ান ক্লাব আতালান্তা ছেড়ে গত বছর ইউনাইটেডে যোগ দেন হয়লুন। প্রিমিয়ার লিগে নিজের অভিষেক মৌসুমে ১০ গোল করেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির ৯ নম্বর জার্সি নেন এই স্ট্রাইকার।
হ্যামস্ট্রিং চোটের কারণে মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ২১ বছর বয়সী হয়লুন। সেপ্টেম্বরে মাঠে ফেরার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪ গোল করেছেন তিনি। সামনে আরও ভালো করতে আত্মবিশ্বাসী এই তরুণ।
“আমি এখনও অনেক তরুণ, তবে অবশ্যই আমি দায়িত্ব নিতে চাই। একারণেই এই বছর ৯ নম্বর জার্সি নিয়েছি, কারণ আমি পরবর্তী পদক্ষেপ নিতে চাই।”