ইতালিয়ান ফুটবল
Published : 25 May 2026, 04:47 PM
সিদ্ধান্তটা মাসখানেক আগেই ক্লাবের সভাপতিকে জানান আন্তোনিও কন্তে। মৌসুমের শেষ ম্যাচের পর দায়িত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে দিলেন তিনি। আগামী মৌসুমে নাপোলির ডাগআউটে আর দেখা যাবে না ইতালিয়ান অভিজ্ঞ কোচকে।
কন্তের শেষ ম্যাচটা জয়ে রাঙায় নাপোলি। রোববার উদিনেসেকে ১-০ গোলে হারায় তারা। ৩৮ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে মৌসুম শেষ করে দলটি।
২০২৪ সালের জুলাইয়ে নাপোলির দায়িত্ব নিয়েই দলটিকে সেরি আ জেতান কন্তে। কিন্তু এবার লিগ শিরোপা ধরে রাখতে পারেনি তারা। অবশ্য একেবারে শূন্য হাতে মৌসুম শেষ করেনি দলটি, ইতালিয়ান সুপার কাপ জিতেছে তারা।
দুই মৌসুমের নাপোলি অধ্যায় বলা যায় বেশ ভালোই কেটেছে কন্তের। কিন্তু দলের সবাইকে ‘ঐক্যবদ্ধ করতে না পারায়’ মেয়াদের এক বছর বাকি থাকতেই দায়িত্ব স্বেচ্ছায় ছেড়ে দিলেন তিনি। সংবাদ সম্মেলনে সেই কথাই বললেন ৫৬ বছর বয়সী এই কোচ।
“এক মাস আগে সভাপতিকে ফোন করেছিলাম। তাকে বলেছিলাম, আমার মনে হচ্ছে আমাদের একসঙ্গে পথচলা শেষ হয়ে এসেছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ, নাপোলিতে একটি জায়গায় ব্যর্থ হয়েছি আমি, ক্লাবে একতা আনতে পারিনি। আর এটা ছাড়া অন্যদের সঙ্গে লড়াই করা কঠিন।”
“ব্যর্থ হয়েছি কারণ সবাইকে ঐক্যবদ্ধ করতে পারিনি, আর এই দায় আমার। বুঝতে পেরেছি যে, এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব নয়। নাপোলির দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের ছিল। সভাপতি এবং সমর্থকদের ধন্যবাদ জানাই যারা আমাকে বুঝতে পেরেছেন।”
কন্তের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তার কোচিংয়ে ইউভেন্তুস ও ইন্টার মিলানও পেয়েছে সেরি আ জয়ের স্বাদ। এছাড়া চেলসির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ এবং টটেনহ্যাম হটস্পারের দায়িত্বও পালন করেছেন তিনি।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইতালির প্রধান কোচ ছিলেন কন্তে। দায়িত্বের শেষ বছর ইউরোতে এক অনভিজ্ঞ ইতালি দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন তিনি। শেষ আটের ওই লড়াইয়ে টাইব্রেকারে জার্মানির কাছে হেরে বিদায় নেয় তার দল।
টানা তৃতীয়বার বিশ্বকাপের মূল পর্বে জায়গা না পেয়ে গভীর সংকটে রয়েছে ইতালির ফুটবল। গত মাসে কোচ জেন্নারো গাত্তুসো পদত্যাগ করেছেন। কঠিন সময়ের মধ্যে থাকা জাতীয় দলের হাল ধরতে পারেন কন্তে, তাকে ফেরানো হতে পারে দায়িত্বে; এমন গুঞ্জন রয়েছে। তবে সেটা উড়িয়ে দিয়েছেন কন্তে।
“এগুলো সবই এখন গুঞ্জন। জাতীয় দল নিয়ে অতীতে শুধু এটুকুই বলেছিলাম, যদি ফেডারেশনের সভাপতি হতাম, তবে প্রার্থীদের তালিকায় কন্তের নামও রাখতাম। তবে এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে কিছুই জানি না। হতে পারে কিছুদিন বিরতিতে থাকব, বিশ্রাম নেব।”