২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মেসি কতক্ষণ খেলবেন, বললেন না স্কালোনি

ম‍্যাচের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন আর্জেন্টিনা কোচ।

মেসি কতক্ষণ খেলবেন, বললেন না স্কালোনি
আর্জেন্টিনার অনুশীলনে অধিনায়ক লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 04:33 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

শুরুর একাদশে লিওনেল মেসির ফেরা নিশ্চিত। তবে কেইপ ভার্ডের বিপক্ষে অধিনায়ক কতক্ষণ খেলবেন তা নিয়ে নিশ্চিত নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বললেন, ম‍্যাচের গতি প্রকৃতি ও মেসির অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন তিনি। 

শতভাগ জয় নিয়ে গ্রুপ সেরা হওয়া আর্জেন্টিনা এবার নামবে শেষ ষোলোর লড়াইয়ে। বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় এবারের বিশ্বকাপের চমক কেইপ ভার্ডের মুখোমুখি হবে তারা।

জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ৩৯ বছর বয়সী মেসি। কেইপ ভার্ডের বিপক্ষে শুরুর একাদশে ফিরবেন তিনি। কিন্তু কতক্ষণ খেলবে তা নিয়ে চলছে চর্চা। তবে এই জল্পনা-কল্পনার ইতি টানতে মোটেও আগ্রহী নন স্কালোনি। 

“আমার মনে হয় না, এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার কোনো অর্থ আছে। আমি জানি না, ম‍্যাচ কীভাবে এগোবে, সে নিজে কেমন অনুভব করবে। সে খুব ভালো খেলছে। আশা করি, সবকিছু ভালোভাবে এগোবে। তবে এটা নির্ভর করবে ম‍্যাচ কীভাবে এগোয় আর সে কেমন অনুভব করে এর উপর।”

আসরে এখন পর্যন্ত আট গোল করেছে আর্জেন্টিনা, এর ছয়টিই করেছেন মেসি। অধিনায়কের উপর কি বেশি নির্ভর করছে দল? এমন আলোচনা উড়িয়ে দিয়ে স্কালোনি বললেন, কে গোল করবে সেদিকে না তাকিয়ে দল প্রচুর সুযোগ তৈরি করে যাচ্ছে। 

“সে যা করে তা আরও বেশি দৃশ‍্যমান হয়। তবে দলে আরও একজন স্ট্রাইকার আছে। আমরা সুযোগ তৈরি করি আর লিও মেসি অসাধারণ একজন খেলোয়াড়ের বাইরেও একজন স্ট্রাইকার। তার সঙ্গে যে-ই খেলুক, হুলিয়ান (আলভারেস) কিংবা লাউতারো (মার্তিনেস) আমরা চেষ্টা করব তারা সবাই যেন অন‍্য যে কারও মতো গোল করার সুযোগ পায়।"