১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মরিনিয়োর কোচিংয়ে কক্ষপথে ফেরার প্রত্যাশায় কোর্তোয়া

লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে অগাস্টে তিন ম্যাচের সবগুলো জিতে শুরু করতে চান রেয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক।

মরিনিয়োর কোচিংয়ে কক্ষপথে ফেরার প্রত্যাশায় কোর্তোয়া
তিবো কোর্তোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 04:09 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

গত দুটি মৌসুম ভীষণ খারাপ কেটেছে রেয়াল মাদ্রিদের। জিততে পারেনি কোনো মেজর শিরোপা। সবশেষ মৌসুম তো একদমই খালি হাতে শেষ করে তারা। হতাশার সেই বৃত্ত ভেঙে, দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে ফেরা জোসে মরিনিয়োর কোচিংয়ে আবারও সাফল্যের চেনা পথে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী তিবো কোর্তোয়া।

প্রাক-মৌসুমের প্রস্তুতিপর্ব বেশ ভালোই যাচ্ছে দলটির। এ পর্যন্ত মোট পাঁচটি প্রীতি ম্যাচ খেলেছে তারা, জিতেছে এর চারটিই, অন্যটি ড্র।

সবশেষ ম্যাচে গত শনিবার দেপোর্তিভো লা করুনাকে ১-০ গোলে হারায় রেয়াল মাদ্রিদ। প্রস্তুতি ম্যাচের জয়ের ধারা মূল অভিযানেও ধরে রাখতে চান কোর্তোয়া। 

আগামী ২২ অগাস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে তারা। এর সপ্তাহখানেক আগে, রেয়াল মাদ্রিদ টিভিকে প্রাথমিক লক্ষ্য জানালেন এই বেলজিয়ান গোলরক্ষক।

“আমাদের পুরোপুরি ফিটনেস ফিরে পেতে হবে এবং প্রস্তুতি চালিয়ে যেতে হবে। সবাই ছন্দে ফিরছে, তরুণ খেলোয়াড়রা আলো ছড়াচ্ছে। এই মুহূর্তে প্রস্তুতি নেওয়াটাই আসল, কারণ অল্প কিছুদিনের মধ্যেই লিগ শুরু, এবং চ্যালেঞ্জিং সব ম্যাচে ভরা অভিযানটা কঠিন হবে, তাই শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আশা করি, আমরা ভালোভাবে শুরু করব এবং অগাস্টে ৯ পয়েন্টের পুরোটা নিয়ে শেষ করব।”

চেলসিতে ২০১৩-১৫ পর্যন্ত মরিনিয়োর কোচিংয়ে খেলেছেন কোর্তোয়া। সেই সময়ে একটি প্রিমিয়ার লিগ ও লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি।

তাই মরিনিয়োর কোচিংয়ের ধরন ও তার খেলার কৌশল সম্পর্কে বেশ ভালোই জানা আছে। সেই অভিজ্ঞতা থেকেই এই অভিজ্ঞ গোলরক্ষকের বিশ্বাস, পর্তুগিজ কোচের হাত ধরে ঘুরে দাঁড়াতে পারবে রেয়াল।

“দলের সবার কাছে মরিনিয়োর চাওয়া থাকে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা, শৃঙ্খলা, এবং তিনি সবসময় একক নৈপুণ্যের চেয়ে দলগত পারফরম্যান্সকে গুরুত্ব দেন। আমার মতে, জয়ের জন্য এগুলো খুব প্রয়োজন। তিনি দারুণ কোচ এবং এমন একজন মানুষ, সহজেই যার কাছে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা যায়। কোনো বিষয়ে তিনি সেটাই বলেন, ঠিক সেটা যেমন এবং এটা আমার পছন্দ।

“আমার বিশ্বাস, এই দিক নির্দেশনা আমাদের দরকার। চেলসিতে আমরা একসঙ্গে কাজ করেছি এবং একসঙ্গে প্রিমিয়ার লিগ জিতেছি। তার সঙ্গে আমার ভালো স্মৃতি আছে, এবং আবারও তার কোচিংয়ে খেলার সুযোগ পেয়ে আমি খুশি। আশা করি, আমরা একত্রে ভালোভাবে কাজ করব এবং আগামীতে দারুণ সব বছর কাটাব।”

এর আগে, ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রেয়ালের কোচ ছিলেন মরিনিয়ো। সেই মেয়াদে দলটিকে একটি করে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন তিনি।