Published : 17 Mar 2026, 12:44 PM
নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হলো আরও। বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সামনে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, সেখানে জায়গা হয়নি এই তারকার। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এখনও আশা দেখিয়ে যাচ্ছেন তাকে। দলে জায়গা না পেয়ে হতাশ হলেও নেইমার বলছেন, বিশ্বকাপ স্বপ্ন এখনও মরে যায়নি তার।
বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান পরখ করে নিতে ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে লড়বে তারা বস্টনে, ৩১ মার্চ অরল্যান্ডোতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
নেইমার যে এবারও স্কোয়াডে জায়গা পাচ্ছেন না, সেই আভাস অবশ্য মিলছিল আগেই। তাকে কাছ থেকে দেখতেই গত ১০ মার্চ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের ম্যাচটি দেখতে যাওয়ার কথা ছিল কোচ আনচেলত্তির। কিন্ত পেশির অস্বস্তির কারণে সেই ম্যাচ খেলতে পারেননি নেইমার। তার সম্ভাবনায় কুঠারাঘাত পড়ে তখনই। আনচেলত্তি বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন।
২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। এরপর নানা অনিশ্চয়তার মোড় পেরিয়েছ তার ক্যারিয়ার। চোট থেকে সেরে উঠে আগের চেহারায় ফেরার আশায় সৌদি আরব ছেড়ে নিজ দেশের ক্লাব ফুটবলে ফিরেছেন তিনি। সাম্প্রতিক সময়ে মোটামুটি নিয়মিত ম্যাচ খেলতে পারছেন। ফর্ম খুব ভালো না হলেও ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, মাঝেমধ্যে সেরা সময়ের ঝলকও দেখাচ্ছেন নেইমার।
তবে এটুকু যে যথেষ্ট নয়, তা নিশ্চিত করে দিলেন আনচেলত্তি। আগের বেশ কবারের মতো কোচ আরও একবার বললেন, শতভাগ ফিট হলেই কেবল দুয়ার খুলবে নেইমারের জন্য।
“নেইমার বিশ্বকাপে যেতে পারে, যদি সে শতভাগ (ফিট) থাকতে পারে। এবার তাকে দলে নেইনি, কারণ সে এখনও শতভাগ ফিট নয়। নিয়মিত অনুশীলন করতে হবে এবং ম্যাচ খেলতে হবে তাকে।”
দল ঘোষণার পরপরই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান নেইমার। হতাশা প্রকাশ করে দলে ফেরার প্রত্যয়ও জানান ব্রাজিলের ইতিহাসের সফলতম স্কোরার।
“এটা নিয়ে কথা বলতেই হবে আমাকে, কারণ পাশ কাটিয়ে যেতে পারি না। দলে ডাক না পেয়ে অবশ্যই আমি ব্যথিত ও হতাশ। তবে আমার মনোযোগ নড়ে যাচ্ছে না। দিনের পর দিন, অনুশীলন সেশন, ম্যাচের পর ম্যাচ ধরে আমাদের লক্ষ্য অর্জন করব আমরা। স্বপ্ন বেঁচে আছে।”
৩৪ বছর বয়সী নেইমার ডাক না পেলেও দলে ফিরেছেন ১৯ বছর বয়সী এন্দ্রিক। ফরাসি লিগে আলো ছড়িয়ে প্রায় এক বছর পর দলে ফিরলেন এই ফরোয়ার্ড।
এই দুটি ম্যাচের পর আগামী জুনের শুরুতে মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু আগামী ১৩ জুন।