১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মোনাকোয় স্থায়ী হচ্ছেন ফাতি, বার্সেলোনা পাচ্ছে ১ কোটি ১০ লাখ ইউরো

এই স্প্যানিশ ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়াটা আর্থিক দিক থেকে বার্সেলোনার জন্য বেশ স্বস্তিদায়ক।

মোনাকোয় স্থায়ী হচ্ছেন ফাতি, বার্সেলোনা পাচ্ছে ১ কোটি ১০ লাখ ইউরো
আনসু ফাতি। ছবি: মোনাকো ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 10:22 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

আনসু ফাতিকে রেখে দিচ্ছে মোনাকো। এই স্প্যানিশ ফরোয়ার্ডকে বার্সেলোনা থেকে পাকাপাকিভাবে কিনে নিচ্ছে ফরাসি ক্লাবটি। ট্রান্সফার ফি বাবদ কাতালান ক্লাবটি পাবে এক কোটি ১০ লাখ ইউরো।

সুপরিচিত ইতালিয়ান সাংবাদিক ফাব্রিসিও রোমানো সোমবার সামাজিক মাধ্যমে লিখেছেন, আগামী কয়েক ঘন্টার মধ্যে চুক্তির আনুষ্ঠানিকতা সারা হবে। এই চুক্তিতে ভবিষ্যতে ফাতিকে মোনাকো বিক্রি করলে, সেই অর্থের একটা অংশও পাবে বার্সেলোনা।

ফাতির সঙ্গে বার্সেলোনার চুক্তি ছিল ২০২৮ সাল পর্যন্ত। ফলে তাকে যে বেতন দিতে হচ্ছিল, সেটিও সাশ্রয় করতে পারছে তারা। 

এর মধ্য দিয়ে ২৩ বছর বয়সী ফাতির বার্সেলোনা অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটছে। স্প্যানিশ ক্লাবটির হয়ে ছয় মৌসুমে মাঠে নেমে ১২৩ ম্যাচে ২৯ গোল করেছেন তিনি।   

বার্সেলোনার একাডেমিতে বেড়ে ওঠা ফাতির মূল দলে শুরুটা হয়েছিল আলো ঝলমলে। কিন্তু বারবার চোটে পড়ায় তার সম্ভাবময় ক্যারিয়ার কাম্প নউয়ে পূর্ণতা পায়নি।

২০২৩ সালের সেপ্টেম্বরে তাকে ধারে পাঠানো হয় ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনায় ফিরলেও হান্সি ফ্লিকের কোচিংয়ে খুব বেশি খেলার সুযোগ পাননি তিনি। 

২০২৫ সালের জুলাইয়ে এক মৌসুমের জন্য ধারে মোনাকোয় পাড়ি জমান ফাতি। তখনই তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগ রেখেছিল ক্লাবটি। সেটিই এখন কাজে লাগাতে যাচ্ছে তারা।   

সদ্য শেষ হওয়া মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচে ১২ গোল করেন ফাতি।