Published : 29 Nov 2025, 11:36 PM
চেলসির বিপক্ষে সাদামাটা পারফরম্যান্সে হেরে বসার ধাক্কা সামলে ওঠার লড়াইয়ে নেমে শুরুতেই গোল খেয়ে বসে বার্সেলোনা। তবে শঙ্কার কালো মেঘ জমতে দেননি লামিনে ইয়ামাল। তার ও দানি ওলমোর দারুণ নৈপুণ্যে জয়ের পথে ফিরেছে কাতালান ক্লাবটি।
কাম্প নউয়ে শনিবার লা লিগার ম্যাচে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। ইয়ামালের দর্শনীয় গোলে সমতায় ফেরার পর, জোড়া গোল করেন ওলমো।
১৪ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সেলোনা।
দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রেয়াল মাদ্রিদের পয়েন্ট ৩২; তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। রোববার জিরোনার বিপক্ষে জিতলে আবার শীর্ষে ফিরবে মাদ্রিদের দলটি।
ম্যাচ শুরু হতেই প্রথম মিনিটেই স্বাগতিকদের স্তব্ধ করে দেন ইবানেস। সতীর্থের ছোট পাস গোলমুখে পেয়ে টোকায় জালে পাঠান এই স্প্যানিশ ডিফেন্ডার।
ওই ধাক্কা সামলে অষ্টম মিনিটে পাল্টা জবাব দেয় বার্সেলোনা। গতিময় আক্রমণে দানি ওলমো বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বাইলাইন থেকে দূরের পোস্টে কাটব্যাক করেন, আর ছুটে গিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন ইয়ামাল।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে পুরোপুরি নিষ্প্রভ ছিলেন ইয়ামাল। দারুণ গোলেই সেই হতাশায় প্রলেপ দিলেন তিনি।
২৪তম মিনিটে হোয়ান গার্সিয়ার দুর্দান্ত এক সেভে সমতা ধরে রাখে বার্সেলোনা। এর দুই মিনিট পর এগিয়েও যায় তারা। বাঁ দিক থেকে রাফিনিয়ার পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে প্রথম ছোঁয়ার শটে গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার ওলমো।
৪৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর পরিষ্কার সুযোগ নষ্ট করেন ইয়ামাল। লেভানদোভস্কির পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে, গোলরক্ষককে কাটিয়ে, দুরূহ কোণ থেকে পোস্টে মারেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড। দুই মিনিট পর পাল্টা আক্রমণে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে ভালেন্সিয়াকে হতাশ করেন লুকাস বোয়ে।
প্রথমার্ধে লড়াই হয় দারুণ। দুই দলই গোলের জন্য সাতটি করে শট নিতে পারে; বার্সেলোনার দুটি ও আলাভেসের তিনটি শট লক্ষ্যে ছিল।
কিন্তু বিরতির পর আর সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেনি আলাভেস। এই অর্ধে তারা মাত্র দুটি শট নিতে পারে, যার একটিও ছিল না লক্ষ্যে।
এই অর্ধে বরং দাপট দেখিয়েছে বার্সেলোনা। ৫৭তম মিনিটে পরিষ্কার দুটি সুযোগ পান লেভানদোভস্কি; কিন্তু তার দুইটি হেডই ঠেকিয়ে দেন গোলরক্ষক। পরের ১৫ মিনিট একাধিক সুযোগ আসে ইয়ামালের সামনে; কিন্তু কাজে লাগাতে পারেননি একটিও।
অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের পাস ধরে ডি-বক্সে ঢুকে, কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন অ্যাটাকিং মিডফিল্ডার ওলমো।
আসরে সপ্তম হারের পর ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুদর্শ স্থানে আছে আলাভেস।