পুরোনো ঠিকানায় ফিরলেন হোনাহ
দ্বিতীয় মেয়াদে আইভরি কোস্টের দায়িত্ব নিয়েছেন ফরাসি এই কোচ।
আবারও এহভে হোনাহর শরণাপন্ন হয়েছে আইভরি কোস্ট। ফরাসি এই কোচকে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আফ্রিকার দলটি।
২০১৪ সালে প্রথম দফায় আইভরি কোস্টের কোচ হন হোনাহ। পরের বছর তার কোচিংয়ে আফ্রিকা কাপ অব নেশন্স জেতে দলটি। চেনা কোচকে আবার দায়িত্বে ফেরানোর কথা মঙ্গলবার জানিয়েছে তারা।
আইমার্স ফাইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন ৫৭ বছর বয়সী হোনাহ। ফাইয়ের কোচিংয়ে এবারের বিশ্বকাপে খেলে আইভরি কোস্ট। প্রথমবারের মতো বিশ্ব আসরের নকআউট পর্বে খেলার কীর্তি গড়ে তারা।
শেষ বত্রিশে নরওয়ের বিপক্ষে হেরে আসর থেকে বিদায় নেয় আইভরি কোস্ট। বিশ্বকাপের পর আর ফাইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করেনি তারা।
বিশ্বকাপে ডাগআউটে ছিলেন হোনাহও। আসরের মাঝপথে তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় তিউনিসিয়া। তিন ম্যাচই হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আফ্রিকার দলটি।
আইভরি কোস্ট, তিউনিসিয়া ছাড়াও অ্যাঙ্গোলা, মরক্কো, সৌদি আরব ও জাম্বিয়ার কোচ ছিলেন হোনাহ। তার কোচিংয়ে ২০১২ সালে আফ্রিকা কাপ অব নেশন্স জেতে জাম্বিয়া।
