Published : 10 Sep 2026, 05:52 PM
লা লিগার ম্যাচে ভালেন্সিয়া দল নিয়ে করা মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার রদ্রি। স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, প্রতিপক্ষের কাউকে উপহাস করার কোনো লক্ষ্য তার ছিল না।
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার পর সতীর্থ পাউ কুবার্সি ও হাফিনিয়ার সঙ্গে কথা বলছিলেন রদ্রি। টেলিভিশন ক্যামেরায় দেখে মনে হচ্ছিল, প্রতিপক্ষকে ‘খুব দুর্বল’ হিসেবে বর্ণনা করছেন তিনি।
ভালেন্সিয়ার মাঠে ৫-০ ব্যবধানের জয় পায় বার্সেলোনা। এতে এককভাবে তারা উঠে আসে পয়েন্ট টেবিলের চূড়ায়। আর টানা চার ম্যাচে জয়শূন্য ভালেন্সিয়া নেমে যায় তলানিতে।
ওই ভিডিওতে কোনো শব্দ ছিল না। তবে ব্রডকাস্টার মুভিস্টারের দাবি লিপ-রিড অনুযায়ী ৩০ বছর বয়সী মিডফিল্ডার বলেছেন, “এরা খুবই দুর্বল। তারা মাঝমাঠের রেখা পার হতে পারছে না।”
ভক্ত ও স্প্যানিশ গণমাধ্যমের একাংশ অভিযোগ করে, গত বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী ফুটবলার অসম্মানজনক আচরণ করেছেন।
ফাইনর্টের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে ৫-১ গোলের জয়ের পর ভালেন্সিয়ার বিপক্ষে ওই মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানান রদ্রি।
“আমার বন্ধু ও সতীর্থ হোসে গায়া (স্প্যানিশ ডিফেন্ডার ও ভালেন্সিয়া অধিনায়ক) এবং পুরো স্কোয়াডের কাছে আমি ক্ষমা চাইছি। আমি এটাও পরিষ্কার করতে চাই যে, এটা কেবলই একটা বিস্ময়ের একটি প্রকাশ ছিল- যেকেউ ভিডিও দেখলেই সেটা বুঝতে পারবে।”
সাবেক ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বলেন, কাউকে আঘাত করার উদ্দেশ্য তার ছিল না।
“কোনো পর্যায়েই আমি কাউকে উপহাস করতে চাই না, বা কোনো দলের কঠিন একটি মুহূর্তকে ভুলভাবে উপস্থাপন করতে চাইনি। এর ঠিক উল্টোটা চেয়েছি। আমরা সবাই ভালেন্সিয়াকে সেই জায়গায় ফিরতে দেখতে চাই যেখানে তাদের থাকা উচিত। এই প্রতিযোগিতার সেরা ক্লাবের একটি তারা। আমি স্রেফ সেটাই বলতে চেয়েছি।
“এর পাশাপাশি এটাও আমি বলতে চাই, এটা ছিল ব্যক্তিগত একটি আলাপচারিতা। আমি মনে করি, আমরা সবাই এখান থেকে শিখতে পারি। কারণ, কখনও কখনও বিষয়গুলো ভুলভাবে উপস্থাপন করা হয়। তবে কোনো পর্যায়ে আমি কোনো অসম্মান করতে চাইনি। ভালেন্সিয়ার কাছে আমি ক্ষমাপ্রার্থী।”