Published : 01 Jun 2026, 10:56 PM
বিশ্বকাপে কার্যকর হতে যাওয়া নতুন রেফারিং নিয়মগুলোর একটির প্রভাব দেখা গেছে জাপান ও আইসল্যান্ডের প্রীতি ম্যাচে। নিয়ম ভঙ্গের দায়ে শাস্তিস্বরূপ একজন কম নিয়ে খেলতে হওয়ায় ম্যাচই হেরে গেছে আইসল্যান্ড।
বৈশ্বিক আসরের মূল লড়াইয়ে নামার আগে শেষ ধাপের প্রস্তুতি সেরে নিচ্ছে দলগুলো। সেই লক্ষ্যে রোববার আইসল্যান্ডের মুখোমুখি হয় জাপান। ম্যাচটি ১-০ গোলে জিতে যায় পূর্ব এশিয়ার দেশটি।
ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ ও সময় অপচয় কমিয়ে আনার লক্ষ্যে এবারের বিশ্বকাপে জোরাল পদক্ষেপ নিতে যাচ্ছে ফিফা। গত বিশ্বকাপের পর থেকে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ফিফার সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে অসংখ্য পরিবর্তন এনেছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো সময় অপচয় করার প্রবণতা কমিয়ে আনা।
বদলি খেলোয়াড় মাঠ থেকে বের হওয়ার সময় অযথা দেরি করলে, ওই দলকে শাস্তি দেওয়া হবে। জাপান-আইসল্যান্ড ম্যাচে প্রথমবারের মতো সেই নিয়মটি প্রয়োগের দৃশ্য দেখা যায়।
আইসল্যান্ডের লিনসন মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ১০ সেকেন্ডের বেশি সময় নেওয়ায় ইউরোপের দলটিকে নির্ধারিত সময়ের এক মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়। পোলিশ রেফারি ডামিয়ান কস নতুন নিয়মটি প্রয়োগ করেন। পুরো এক মিনিট লিনসনের বদলি খেলোয়াড় থরভাল্ডসনকে মাঠে প্রবেশের অনুমতি দেননি তিনি। আর এটাই ম্যাচের চূড়ান্ত ফলাফলে বড় প্রভাব ফেলে।
১০ জনের দলে পরিণত হওয়ায় আইসল্যান্ড রক্ষণাত্মক হয়ে পড়ে। আর প্রতিপক্ষের এই দুর্বলতার পূর্ণ সুযোগ নেয় জাপান। ওই সময়ই দুর্দান্ত হেডে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ওগাওয়া।
ফুটবলের নতুন এই ‘১০ সেকেন্ড নিয়ম’ নামক নতুন রেফারিং চমকটি যে ম্যাচের ভাগ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, তা স্পষ্ট হয়ে গেল এখানেই।