১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

নেপালকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের

প্রথমার্ধের দারুণ লড়াই হলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল জিতেছে দাপটের সঙ্গেই।

নেপালকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ বাংলাদেশের
এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের উচ্ছ্বাস বৃষ্টি-খাদিজাদের। ছবি: বাংলাদেশ কাবাডি ফেডারেশন

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2026, 07:05 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

বাংলাদেশের সামনে ছিল সিরিজ জয়ের হাতছানি। নেপাল মুখিয়ে ছিল সমতা ফেরাতে। প্রথমার্ধে দুই দলের লড়াই হলো জমজমাট। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপুটে খেলা বাংলাদেশের সাথে পেরে উঠল না নেপাল। এক ম্যাচ হারে রেখে সিরিজ জিতে নিলেন শ্রাবণী-খাদিজারা।

ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে মঙ্গলবার নেপালকে ৩৪-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিকরা।

সমতায় ফিরতে মরিয়া নেপাল শুরু থেকে চেপে ধরে বাংলাদেশকে। এক পর্যায়ে তারা এগিয়ে গিয়েছিল ৮-৪ পয়েন্টে। তবে বাংলাদেশ দ্রুতই ঘুরে দাঁড়ায়। ১৩-১১ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যান বৃষ্টি-শ্রাবণীরা।

দ্বিতীয়ার্ধে আরও আধিপত্য করে বাংলাদেশ। তাতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেপাল পিছিয়ে পড়তে থাকে আরও। শেষ পর্যন্ত সফরকারীরা পারেনি কোনো চমক দেখাতে। ১২ পয়েন্টে ব্যবধান হেরে যায়।

ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের বৃষ্টি বিশ্বাস।

পাঁচ ম্যাচের সিরিজ বাংলাদেশ শুরু করেছিল ৩৪-২৪ পয়েন্টে জিতে। দ্বিতীয় ম্যাচে ২৫-২০ পয়েন্ট জিতে সমতা ফেরায় নেপাল। তৃতীয় ম্যাচে ৩১-২৩ পয়েন্টে জিতে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল।