Published : 23 Nov 2025, 12:34 AM
ম্যাচের ঘড়ির কাঁটা ২০ মিনিট ছোঁয়ার আগেই বায়ার্ন মিউনিখের জালে দুবার বল জড়াল। লিগে টানা দ্বিতীয় ম্যাচে হোঁচট খাওয়ার শঙ্কাও জাগল। তবে শুরুর ধাক্কা সামলে, দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রেইবুর্ককে গোলবন্যায় ভাসাল ভেসোঁ কম্পানির দল।
আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচটি ৬-২ গোলে জিতেছে স্বাগতিকরা। শিরোপাধারীদের জয়ের নায়ক মাইকেল ওলিসে। দুটি গোল করার পাশাপাশি তিন সতীর্থের গোলে অবদান রাখেন এই ফরাসি ফরোয়ার্ড।
মৌসুমের শুরু থেকেই চমৎকার সব পারফরম্যান্স উপহার দিচ্ছে বায়ার্ন। লিগের প্রথম ৯ রাউন্ডসহ সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে প্রথম ১৬ ম্যাচেই জয়ের নতুন রেকর্ড গড়ে, গত ৮ নভেম্বরে বুন্ডেসলিগায় ইউনিয়ন বার্লিনের মাঠে ২-২ ড্র করে বায়ার্ন।
আন্তর্জাতিক বিরতির পর মাঠে ফিরেই আবার জয়ের পথে ফিরল মিউনিখের দলটি। যদিও ম্যাচের শুরুটা তাদের ভীষণ বাজে ছিল, দ্বাদশ মিনিটে সুজুকির কাছ থেকে শটে লক্ষ্যভেদের পাঁচ মিনিট পর মানজাম্বির সফল হেডে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েছিল তারা।
দুটি গোলই বায়ার্ন হজম করে সেট পিসে এবং রক্ষণের দুর্বলতায়। তবে ঘুরে দাঁড়াতে একমদই দেরি করেনি তারা।
২২তম মিনিটে ওলিসের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান জার্মান মিডফিল্ডার লেনার্ট কার্ল। আর বিরতির আগে কার্লের পাস পেয়ে জোরাল শটে দলকে সমতায় ফেরান ওলিসে।
দ্বিতীয়ার্ধের শুরুতে পাঁচ মিনিটের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। ৫৫তম মিনিটে ওলিসের কর্নারে দূরের পোস্ট থেকে ভলিতে দলকে এগিয়ে নেন উপামেকানো এবং এরপর বাঁ পায়ের শটে লিগে নিজের চতুর্দশ গোলটি করেন হ্যারি কেইন।
৭৮তম মিনিটে বল পায়ে দারুণভাবে এগিয়ে পাস বাড়ান ওলিসে এবং ডি-বক্সে থেকে শটে দলের পঞ্চম গোলটি করেন নিকোলাস জ্যাকসন। আর ৮৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে চমৎকার শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ওলিসে।
১১ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৮ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার লেভারকুজেন।
দারুণ এই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে কম্পানির দল।