Published : 03 Apr 2026, 08:50 PM
জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন রাফিনিয়া। মৌসুমের শেষ ধাপে তার অনুপস্খিতি বার্সেলোনার জন্য বড় ধাক্কাই বটে। তবে এটাকে মার্কাস র্যাশফোর্ডের জন্য একটা সুযোগ হিসেবে দেখছেন কোচ হান্সি ফ্লিক। দলের প্রয়োজনে ইংলিশ ফরোয়ার্ডকে অবদান রাখার তাগিদ দিয়েছেন তিনি।
গত সপ্তাহে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে ব্রাজিলের হারের ম্যাচে ডান হ্যামস্ট্রিংয়ের চোট পান রাফিনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের মাঠে ফিরতে পাঁচ সপ্তাহের মতো সময় লাগবে।
আগামী ১০ দিনের মধ্যে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বার্সেলোনা; শনিবার লা লিগায় মাদ্রিদের দলটির মাঠে এবং এরপর চ্যাম্পিয়ন্স লিগে দুই লেগের কোয়ার্টার-ফাইনাল।
এই ম্যাচগুলো তো বটেই, ইউরোপ সেরার মঞ্চে দল সেমি-ফাইনালে উঠলেও হয়তো সেখানে খেলতে পারবেন না চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৯টি গোল ও আটটি অ্যাসিস্ট করা রাফিনিয়া।
প্রতিটি প্রতিযোগিতার শিরোপা দৌড়ে এমন গুরুত্বপূর্ণ সময়ে রাফিনিয়াকে হারানোয় স্বাভাবিকভাবেই হতাশ ফ্লিক।
“এই চোট, আমাদের ও তার জন্য সময়টা ভালো নয়। এজন্য তার মন ভালো নেই এবং আমরাও খুশি নই।”
চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার একই হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন রাফিনিয়া। এজন্য ২০২৫-২৬ এখন পর্যন্ত দেশ ও ক্লাব মিলিয়ে মোট ১৬টি ম্যাচ খেলতে পারেননি তিনি।
বস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের পরই রাফিনিয়ার সঙ্গে কথা বলেন ফ্লিক, তার সঙ্গে ছিলেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো। দুজনে মিলে রাফিনিয়াকে আরো কিছুদিন তার দেশে থাকার অনুমতি দেন। শুক্রবার সংবাদ সম্মেলনে এই কথা জানান ফ্লিক।
“ফেইসটাইমে আমি তার (রাফিনিয়া) সঙ্গে কথা বলেছিলাম এবং সে খুবই হতাশ ছিল, একদম ভেঙে পড়েছিল। তাই দেকোর সঙ্গে (আলোচনা করে) আমি এই সিদ্ধান্ত নিই (যে সে যেন আরও কিছুদিন ব্রাজিলে থাকে।)”
আগামী ১০ মে লা লিগায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকো দিয়ে ফিরতে পারেন রাফিনিয়া। মাঝের সময়ে তার জায়গায় সুযোগ পেতে পারেন র্যাশফোর্ড। আর ইংলিশ ফরোয়ার্ড যদি সুযোগটা কাজে লাগাতে পারেন, দলের আস্থা অর্জন করতে পারেন, তাহলে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে ধারের চুক্তির শর্ত মেনে তিন কোটি ইউরোর বিনিময়ে তাকে কিনেও নিতে পারে কাতালান ক্লাবটি।
যদিও বার্সেলোনার সবশেষ ১০ ম্যাচে কেবল একটিতেই শুরুর একাদশে সুযোগ পেয়েছেন র্যাশফোর্ড। তবে গত সপ্তাহে ইংল্যান্ডের দুই ম্যাচে খেলার পর, এবার ক্লাবের হয়ে আতলেতিকোর মাঠেও হয়তো তাকে শুরুর একাদশে দেখা যাবে।
চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে ৩৯ ম্যাচ খেলে ১০টি গোল ও ১৩টি অ্যাসিস্ট করা র্যাশফোর্ডের প্রতি আস্থার কথা শোনালেন ফ্লিক।
“মার্কাসকে নিয়ে আমি খুশি, কারণ সে ভালো খেলেছে।”
“গত কয়েক সপ্তাহে তার কিছু সমস্যা ছিল, সে চোট পেয়েছিল, সেজন্য তার যত্ন নিতে হয়েছে আমাদের। এখন তার জন্য আবার নিজেকে প্রমাণের ভালো একটা সুযোগ, তবে (রাফিনিয়ার) শূন্যতা পূরণে আমাদের অন্য বিকল্পও আছে।”
“ফের্মিন লোপেস এই জায়গায় খেলতে পারে, গাভিও পারে। গাভি আগের পর্যায়ে ফিরে আসায় আমি খুশি। দেখা যাক, কী হয়। আমাদের হাতে বেশি কিছু বিকল্প আছে।”