১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের প্রতি রেয়াল মাদ্রিদের গোটা দলের সমর্থন আছে ‘শতভাগ’

কোচ শাবি আলোন্সোর সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব ও দূরত্বের নানা গুঞ্জনের মধ্যেই তার পাশে থাকার কথা জানালেন বেলিংহ্যাম, রদ্রিগো, কোর্তোয়ার মতো তারকারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2025, 11:16 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

কোচের সঙ্গে অমুকের দূরত্ব, তমুকের দ্বন্দ্ব, ড্রেসিং রুমে অশান্তির ছায়া, এমন নানা গুঞ্জনে এমনিতেই জেরবার রেয়াল মাদ্রিদ। এর সঙ্গে যোগ হলো ঘরের মাঠে আরেকটি হার। কোচ শাবি আলোন্সোর অবস্থান তাতে আরও টালমাটাল হয়ে ওঠারই কথা। তবে জুড বেলিংহ্যাম, রদ্রিগো, থিবো কোর্তোয়ার মতো তারকারা বলছেন, তারা সবাই কোচের পাশেই আছেন শক্তভাবে।

দুঃসময়ের চক্রে থাকা রেয়াল মাদ্রিদ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ২-১ গোলে হেরে গেছে ম্যানচেস্টার সিটির কাছে। 

চোটে জর্জর দল অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। চোটের কারণে খেলতে পারেননি আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা কিলিয়ান এমবাপে।

ম্যাচের পর সবচেয়ে বড় আলোচনা আলোন্সোকে ঘিরেই। মাদ্রিদের কিছু সংবাদমাধ্যমে আগে থেকেই আলোচনা ছিল, সিটির বিপক্ষে হারলে চাকরি হারাতে হতে পারে আলোন্সোকে। বাস্তবে সেটি হয়তো এখনই হচ্ছে না। তবে তার চাকরি যে সুতোয় ঝুলছে, সেটি বুঝতেও সমস্যা হওয়ার কথা নয়।

বেলিংহ্যাম অবশ্য কোচের প্রতি প্রবল আস্থার কথাই জানালেন ম্যাচের পর। টিএনটি স্পোর্টসকে এই মিডফিল্ডার বললেন, তারা এখনই লড়াইয়ে ক্ষান্তি দিচ্ছেন না। 

“অবশ্যই, শতভাগ (সমর্থন আছে কোচের প্রতি)। আমাদের কোচ তো অসাধারণ। ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমার সম্পর্ক চমৎকার। ছেলেদের আরও অনেকের সম্পর্কও দারুণ। প্রথম কিছু ম্যাচের পর যখন আমরা কয়েকটি ম্যাচে ড্র করলাম, নিজেদের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে আমাদের।”

“সবশেষ ম্যাচগুলোয় নিজেদেরই পতন ডেকে এনেছি আমরা। তবে কেউ হাল ছাড়ছে না, কেউ অভিযোগ করছে না বা কেউ কাতর হচ্ছে না যে, মৌসুম শেষ হয়ে গেছে।”

একই সুর কোর্তোয়ার কণ্ঠেও। অভিজ্ঞ গোলকিপারের দাবি, সিটির বিপক্ষে হেরে গেলেও তারা দেখাতে পেরেছেন যে, কোচের জন্য খেলেছেন এই ম্যাচে। 

“আমরা ব্যাপারটি সেভাবে দেখছি না (কোচের সময় শেষ)। অবশ্যই আমরা জিততে চেয়েছিলাম, কারণ সময়টা ভালো যাচ্ছে না। লা লিগায় অনেক পয়েন্ট হারিয়েছি আমরা। চ্যাম্পিয়ন্স লিগে যদিও ভালো করছিলাম, কিন্তু শীর্ষ আটের বাইরে ছিটকে পড়তে পারি না। তবে আমার মনে হয়, আজকে আমরা দেখিয়েছি যে, সবাই কোচের পাশে আছি।”

যাদের সঙ্গে আলোন্সোর দূরত্ব বা মনোমালিন্যের খবর ছড়িয়েছে, তাদেরই একজন রদ্রিগো। এই মৌসুমে মাঠে নামার সুযোগ কমই পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। এই ম্যাচে এমবাপের অনুপস্থিতিতে তিনি সেরা একাদশে জায়গা পান ও দীর্ঘ খরা কাটিয়ে গোল করেন।

কোচের সঙ্গে তার দ্বন্দ্বের গুঞ্জন থাকলেও ম্যাচের পর মুভিস্টারকে তিনি বললেন উল্টো কথা। 

“আমাদের জন্য সময়টা কঠিন, তার (আলোন্সো) জন্যও। সবকিছু ঠিকঠাক হচ্ছে না… তবে আমরা দেখাতে চেয়েছিলাম যে, সবাই কোচের পাশে আছি। তিনি চেষ্টা করে যাচ্ছেন। আমরা সবাই একতাবদ্ধ। সামনে এগিয়ে যেতে ও লক্ষ্য অর্জন করতে এই ঐক্য ধরে রাখতে হবে আমাদের।”

আলোন্সো নিজেও নির্ভার আছেন বলেই দাবি করলেন। ভবিষ্যৎ নিয়ে প্রশ্নকেও পাত্তা দিলেন না রেয়াল মাদ্রিদ কোচ।

“দলের সমর্থন আমি অনুভব করছি। অনুশীলনে, প্রতিদিনের প্রস্তুতিতে সবাই একসঙ্গে আছি।”

“(ভবিষ্যৎ ভাবনা) আমার ভাবনায় কেবল পরের ম্যাচ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেয়াল মাদ্রিদ। এখানে দলের ব্যাপার, ফুটবলারদের ব্যাপার এবং আমি কীভাবে তাদের সহায়তা করতে পারি। আমার নিজের ব্যাপার এটি নয়।”