১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘সবাই আমাদের হারাতে চাইবে’

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে রক্ষণে জোর দেওয়ার কথা বললেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি।

‘সবাই আমাদের হারাতে চাইবে’
সতীর্থদের সঙ্গে অনুশীলনে নিকোলাস ওতামেন্দি (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 09:24 AM

Updated : 11 Sep 2026, 03:25 PM

শিরোপাধারী হিসেবে বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ কতটা, বুঝতে পারছেন নিকোলাস ওতামেন্দি। যেকোনো দলই তাদের কাজ কঠিন করে তুলবে বলে মনে করছেন তিনি। তার বিশ্বাস, নিজেদের সর্বোচ্চটা মেলে ধরে সবকিছু সামলাতে পারবেন তারা। 

ক্যানসাস সিটিতে বাংলাদেশ সময় বুধবার সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। আগের দিন সংবাদ সম্মেলনে ওতামেন্দি বলেন, ম্যাচটির জন্য তারা পুরোপুরি প্রস্তুত।

“আমরা বুয়েন্স আইরেস থেকেই প্রস্তুতি নিচ্ছি। এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। এই প্রতিযোগিতায় আমাদের বিনয়ী ও পরিশ্রমী হতে হবে। আমরা ভালো অবস্থায় আছি। আমাদের সর্বস্ব দিয়ে প্রস্তুত হচ্ছি আমরা, কারণ আমরা জানি, আমরাই চ্যাম্পিয়ন... সবাই আমাদের হারাতে চাইবে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের সেরাটা দেব। সব মিলিয়ে, আমরা ভালো অবস্থায় আছি।”

২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরেছিল আর্জেন্টিনা। সেই ধাক্কা সামলে ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে তৃতীয়বার বিশ্ব জয়ের স্বাদ পায় দলটি। শিরোপা ধরে রাখতে রক্ষণে জোর দেওয়ার কথা বললেন অভিজ্ঞ সেন্টার-ব্যাক ওতামেন্দি। 

“আমাদের সামনে কাতারে টুর্নামেন্টের শুরুর উদাহরণ আছে। যেকোনো দলই আমাদের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে এবং আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। তাদের ভালো খেলোয়াড় আছে, আমাদের আক্রমণ ও রক্ষণ উভয় ক্ষেত্রেই ভালো খেলতে হবে। আমাদের প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলতে পারি আমরা। সার্বিকভাবে আমাদের রক্ষণভাগে শক্তিশালী কাঠামো তৈরির চেষ্টা করতে হবে।”

গত মাসে বেনফিকা ছেড়ে রিভার প্লেটে যোগ দেন ওতামেন্দি। ৩৮ বছর বয়সী ডিফেন্ডারের চতুর্থ ও শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। সবকিছু উপভোগ করতে চান তিনি।

“এই মুহূর্তগুলো উপভোগ করছি। জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি দিন, আমার সতীর্থদের সঙ্গে সময়টা উপভোগ করছি... এটা আমার চতুর্থ বিশ্বকাপ এবং আমার দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে দারুণ কিছু আর নেই।”

“প্রতিদ্বন্দ্বিতা করার এবং শিরোপা ধরে রাখার এই সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। সামর্থ্যের সবটা দিয়ে চেষ্টা করব আমরা; এর জন্যই আমরা প্রস্তুতি নিয়েছি।”