১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত ওলমো ও ইয়ামাল

লা লিগার আসছে ম্যাচে এই দুইজনকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।

এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত ওলমো ও ইয়ামাল
লামিনে ইয়ামালের (বাঁয়ে) সঙ্গে দানি ওলমো। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 09:10 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

কাঁধের চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠেছেন দানি ওলমো। এস্পানিওলের বিপক্ষে আসছে ম্যাচে খেলতে প্রস্তুত এই স্প্যানিশ মিডফিল্ডার। তরুণ সেনসেশন লামিনে ইয়ামালকে নিয়েও অনিশ্চয়তা কেটে গেছে।

লা লিগায় শনিবার এস্পানিওলের মাঠে খেলবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে কাতালান ডার্বি।

ডিসেম্বরের শুরুতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন ওলমো। ওই ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি গোলও করেছিলেন তিনি এবং গোলটি করতে গিয়েই বাঁধে বিপত্তি। বাম পায়ের শটে বল জালে পাঠালেও, ভারসাম্য হারিয়ে বাজেভাবে পড়ে যান ২৭ বছর বয়সী ওলমো। এতে কাঁধে সজোরে আঘাত লাগায়, হাড় নড়ে যায় তার। এরপর থেকে মাঠের বাইরে তিনি।

আর বছরের প্রথম দিনে অনুশীলন করেননি ১৮ বছর বয়সী ইয়ামাল। ফলে তাকে নিয়ে উঁকি দেয় শঙ্কা। তবে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই ফরোয়ার্ড।

এস্পানিওল ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, ওলমো ও ইয়ামাল দুইজনই পরের ম্যাচে খেলতে পুরোপুরি তৈরি।

“হ্যাঁ, তারা খেলতে প্রস্তুত। দানি আজকে একটি অনুশীলন ম্যাচ খেলেছে; ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সে ভয় পাচ্ছে না। মাঠে ফেরার পথে সে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়েছে। আর লামিনেও ফিরেছে।”

লা লিগার শিরোপা ধরে রাখার অভিযানে বেশ ভালো অবস্থায় আছে বার্সেলোনা। ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদ সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে।