Published : 04 May 2026, 10:55 PM
ব্যর্থতার বলয়ে ঘুরপাক খাওয়া ম্যানচেস্টার ইউনাইটেডকে পথে ফেরানোর অভিযানে বেশ ভালোভাবেই এগোচ্ছেন মাইকেল ক্যারিক। তার কোচিংয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। তার সঙ্গে কাজ করতে ভালো লাগছে দলটির ফুটবলারদেরও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেউস কুইয়া যেমন বলেছেন, ক্যারিকের মাঝে কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের জাদু দেখতে পান তিনি।
ফার্গুসনের কোচিংয়ে ইউনাইটেডে খেলেছিলেন ক্যারিক। ক্লাবটির হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন সাবেক মিডফিল্ডার; যেখানে উল্লেখযোগ্য পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি করে চ্যাম্পিয়ন্স লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ। এবার কোচ হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে আবারও সেরা অবস্থায় ফিরিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তার সামনে।
গত জানুয়ারিতে হুবেন অ্যামুরিকে ছাঁটাই করার পর ক্যারিককে কোচ হিসেবে নিয়োগ দেয় ইউনাইটেড। টালমাটাল অবস্থায় থাকা দলটিকে স্থিতিশীল করা এবং দলকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা এনে দেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাকে।
কাজটা বেশ কঠিন মনে হলেও ক্যারিক প্রত্যাশাকে ছাড়িয়ে গেছেন। গত রোববার লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে তিন ম্যাচ বাকি থাকতেই ইউরোপ সেরা প্রতিযোগিতায় ফেরা নিশ্চিত করেছে ইউনাইটেড।
ইউনাইটেডের ম্যাচগুলোয় প্রায়ই গ্যালারিতে দেখা যায় ফার্গুসনকে। কিন্তু অসুস্থ বোধ করায় সতর্কতাস্বরূপ লিভারপুল ম্যাচের আগে তাকে হাসপাতালে নেওয়া হয়। তাই এদিন মাঠে উপস্থিত ছিলেন না তিনি। তবে তার সাবেক শিষ্যের কোচিংয়ে প্রথম লক্ষ্য পূরণ করেছে ইউনাইটেড।
যেভাবে দলকে পথ দেখাচ্ছেন ৪৪ বছর বয়সী ক্যারিক, তাকে মুগ্ধ কুইয়া। ক্যারিকের কোচিংয়ে ফার্গুসনের প্রভাব উপলব্ধি করছেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
লিভারপুলের বিপক্ষে দলের প্রথম গোলটি করেন কুইয়া। দারুণ পারফরম্যান্সে আলো ছড়ানো এই ফরোয়ার্ডকে জিজ্ঞাস করা হয়, আগামী মৌসুমেও ক্যারিককে প্রধান কোচ হিসেবে চান কিনা তিনি।
“হ্যাঁ, হ্যাঁ, সত্যি বলতে, আমাদের এটা বলা উচিত। জানি, সিদ্ধান্তটা আমার হাতে নেই। তবে তিনি যা করছেন, অসাধারণ। পুরো দলের ওপর তার অগাধ আস্থা…”
“আমার কাছে মনে হয়, ফার্গুসনের সময়ের সেই জাদুকরি ব্যাপারগুলো তার মধ্যে আছে। তিনি এসে আমাদের আমাদের মধ্যে সেটা এনে দিয়েছেন এবং শিখিয়েছেন সেটা কেমন ছিল। আর হ্যাঁ, তিনি যা করেছেন তার অংশ হতে পারা সত্যিই আনন্দের। এবং অবশ্যই আমি মনে করি এটা (কোচের দায়িত্বে থাকা) তার প্রাপ্য।”
৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে ছয় পয়েন্ট কম নিয়ে চারে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের আগামী মৌসুমে প্রিমিয়ার লিগের প্রথম পাঁচটি দল সুযোগ পাবে।