১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বার্নলি ম্যাচের প্রথমার্ধ আর্তেতার চোখে ‘আর্সেনালের সেরা পারফরম্যান্সগুলোর একটি’

আর্সেনাল কোচের মতে, ম্যাচের প্রথমভাগের পারফরম্যান্সই তাদের জয়ের ভিত গড়ে দিয়েছে।

বার্নলি ম্যাচের প্রথমার্ধ আর্তেতার চোখে ‘আর্সেনালের সেরা পারফরম্যান্সগুলোর একটি’
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 05:27 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

আক্রমণের ঝড় তুলে বার্নলির বিপক্ষে প্রথমার্ধে যে দাপুটে ফুটবল খেলেছে আর্সেনাল, তাতে মুগ্ধ মিকেল আর্তেতা। লন্ডনের ক্লাবটির কোচের মতে, ম্যাচের প্রথমভাগে নিজেদের সেরা পারফরম্যান্সগুলোর একটি করেছে তার দল।

ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে আর্সেনাল। দুটি গোলই করে তারা প্রথমার্ধে। চতুর্দশ মিনিটে ভিক্তর ইয়োকেরেস দলকে এগিয়ে নেওয়ার ২১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেক্লান রাইস।

আরও বেশি ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করতে পারত আর্সেনাল। কিন্তু বুকায়ো সাকার দুটি শট ঠেকিয়ে দেন বার্নলি গোলরক্ষক। লিয়ান্দ্রো ত্রোসারের শট গোললাইন থেকে ঠেকান সফরকারীদের একজন খেলোয়াড়।

আর্তেতার মতে, জয়ের মঞ্চ প্রথম ৪৫ মিনিটেই তৈরি করে ফেলেছিল তার দল। সঙ্গে দলের রক্ষণভাগের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসাও করেন তিনি।

“আমরা ম্যাচটি খুব ভালোভাবে শুরু করেছিলাম। প্রথমার্ধ ছিল (চলতি মৌসুমে) আমাদের সবচেয়ে ভালো পারফরম্যান্সগুলোর একটি, দুটি গোল করেছি, আরও দুই বা তিনটি ভালো সুযোগ তৈরি করেছি এবং কোনো গোল হজম করিনি।”

“ওখানেই আমাদের (জয়ের) মঞ্চ তৈরি হয়, কারণ দ্বিতীয়ার্ধে খেলার মান পড়ে গিয়েছিল, বিশেষ করে বল পায়ে থাকা অবস্থায়…তবে আবারও বলতে হয়, রক্ষণভাগে আমরা অসাধারণ ছিলাম।”

অক্টোবর মাসে সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচের সবকটিতে জাল অক্ষত রেখে জয় পায় আর্সেনাল। নভেম্বরের শুরুটাও করল তারা একইভাবে।

বার্নলির বিপক্ষে জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল। ১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট তাদের। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বোর্নমাউথ।