১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বদলি নেমে জোড়া গোলে মানজাবির ইতিহাস

দলকে জিতিয়ে রেকর্ডের পাতায় জায়গা করে নিলেন সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

বদলি নেমে জোড়া গোলে মানজাবির ইতিহাস
ম্যাচের পর সতীর্থদের মধ্যমণি ইয়োহান মানজাবি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2026, 06:12 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

দলের প্রয়োজনের সময়ে কী দারুণভাবেই না জ্বলে উঠলেন ইয়োহান মানজাবি। বদলি নেমে জোড়া গোল করে হলেন জয়ের নায়ক, নাম লেখালেন রেকর্ড বইয়ে।

লস অ্যাঞ্জেলসে বৃহস্পতিবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ৭১তম মিনিটে আরও দুই খেলোয়াড়ের সঙ্গে মানজাবিকে বদলি নামান সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন। তখনও ম্যাচের স্কোরলাইন গোলশূন্য। 

মাঠে নামার দুই মিনিট ৪৬ সেকেন্ডেই চমৎকার সাইড ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন মানজাবি। নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবার স্কোরশিটে নাম লেখান সুইজারল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে কম বয়সী এই খেলোয়াড়। একই সঙ্গে তার নাম খোদায় হয়ে যায় ইতিহাসের পাতায়।

বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে কোনো ম্যাচে বদলি নেমে জোড়া গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় তিনি (২০ বছর ২৪৭ দিন)। বিশ্বকাপে সুইজারল্যান্ডের তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতাও ফ্রেইবুর্কের এই মিডফিল্ডার।

সুইজারল্যান্ডের ৪-১ গোলে জয়ে ম্যান অব দা ম্যাচের পুরস্কারও জেতেন মানজাবি।

মানজাবির জন্ম জেনেভায়। তার বাবা-মা যথাক্রমে অ্যাঙ্গোলা ও কঙ্গোর নাগরিক। ২০২৫ সালে সুইজারল্যান্ডের জার্সিতে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচে তার গোল পাঁচটি।