Published : 08 Feb 2026, 02:08 PM
চেলসিতে তৃতীয় মৌসুম চলছে কোল পামারের। এর মধ্যেই হ্যাটট্রিক করে ফেললেন তিনি চারটি! দারুণ এই কীর্তিতে ২৩ বছর বয়সী ফরোয়ার্ড গড়লেন ইতিহাস। জায়গা করে নিলেন রেকর্ড বইয়ের কয়েকটি পাতায়।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার উলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারায় চেলসি। তিনটি গোলই করেন পামার।
৩৮ মিনিটের মধ্যেই এই হ্যাটট্রিক হয়ে যায় তার। ১৩ ও ৩৫তম মিনিটে গোল করেন তিনি পেনাল্টি থেকে। তিন মিনিট পর পূর্ণ করেন হ্যাটট্রিক।
প্রিমিয়ার লিগে চেলসির হয়ে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের কীর্তি এখন এককভাবে তার। তিনটি করে হ্যাটট্রিক করেছেন জিমি ফ্লয়েড-হ্যাসেলব্যাঙ্ক, দিদিয়ের দ্রগবা ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
প্রিমিয়ার লিগে চেলসির হয়ে দ্রুততম হ্যাটট্রিকের তালিকায় প্রথম তিনটিই এখন পামারের। এর আগে ২৯ মিনিটে হ্যাটট্রিক করেছেন তিনি এভারটনের বিপক্ষে, ৩১ মিনিটের মধ্যে ব্রাইটনের বিপক্ষে।
এই কীর্তিতে চেলসির সীমানা ছাড়িয়ে তিনি পেছনে ফেলেছেন সবাইকে। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমার্ধেই তিনটি হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলার তিনিই।
জন টেরির ৪১ গোল পেছনে ফেলে প্রিমিয়ার লিগে চেলসির জার্সিতে ইংলিশ ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলও এখনও পামারের (৪৪টি)।
রেকর্ডটি গড়তে অবশ্য এখনও অনেক দূর ছুটতে হবে তাকে। ১৪৭ গোল নিয়ে এখানে সবার ওপরে ক্লাবের কিংবদন্তি ল্যাম্পার্ড।