১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মারামারির ঘটনা’ ভুলে ক্লাসিকোয় মনোযোগ দেওয়ার ডাক আরবেলোয়ার

ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া চুয়ামেনি ও ভালভের্দের ওই কাণ্ডকে পেছনে ফেলে দলের সবাইকে সামনে নজর দিতে বলেছেন রেয়াল মাদ্রিদ কোচ।

‘মারামারির ঘটনা’ ভুলে ক্লাসিকোয় মনোযোগ দেওয়ার ডাক আরবেলোয়ার
রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

মৌসুমের শেষ ক্লাসিকোর আগে রেয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের ‘মারামারি কাণ্ড’ নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না আলভারো আরবেলোয়া। অহেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দের অনাকাঙ্ক্ষিত ঘটনাকে ভুলে দলকে সবাইকে ম্যাচের দিকে মনোযোগ দিতে বলেছেন রেয়াল কোচ।

কাম্প নউয়ে রোববার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা ও রেয়াল মাদ্রিদ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ঘিরে এমনিতেই থাকে বাড়তি উত্তেজনা, চলে কথার লড়াই। এবার সেখানে যোগ হয়েছে চর্চার নতুন রসদ। 

স্প্যানিশ গণমাধ্যমের খবর, গত বুধবার অনুশীলনের সময় বাকবিতণ্ডায় জড়ান চুয়ামেনি ও ভালভের্দে। যার রেশ থেকে যায় পরদিনের অনুশীলনেও। পরে ড্রেসিং রুমে দুইজন হাতাহাতিতে জড়ান। এক পর্যায়ে বিরক্ত হয়ে নাকি ভালভের্দেকে ঘুষি মেরে বসেন চুয়ামেনি। তাতে পড়ে যাওয়ার সময় টেবিলের সঙ্গে মাথায় আঘাত পান ভালভের্দে। পরের তাকে হাসপাতালেও নিতে হয়।

যদিও মারামারির খবর অস্বীকার করে ভালভের্দে বলেন, ‘দুর্ঘটনাবশত একটি টেবিলে আঘাত করার’ ফলে কিছুটা আহত হন তিনি। সতীর্থের সঙ্গে তর্কে জড়ানোর কথা স্বীকার করে নিয়ে সবার কাছে ক্ষমাও চান উরুগুয়ের তারকা।

তাতে অবশ্য শাস্তি এড়াতে পারেননি তিনি। তাকে ও চুয়ামেনিকে পাঁচ লাখ ইউরো করে জরিমানা করে রেয়াল মাদ্রিদ।

মাথায় আঘাত পাওয়ায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে ভালভের্দেকে। বার্সেলোনার বিপক্ষে তাই খেলা হচ্ছে না তার।

ম্যাচটির আগের দিন আরবেলোয়ার সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিতর্কিত কাণ্ডটি নিয়ে। কঠিন এই সময়ে চুয়ামেনি ও ভালভের্দের পাশে দাঁড়ান তিনি।

“তারা (চুয়ামেনি ও ভালভের্দে) ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। তাদেরকে জনসমক্ষে অপমানিত হতে দেব না, কারণ তাদের সেটা প্রাপ্য নয়।”

“এই দুই খেলোয়াড়কে সুযোগ দিতে হবে আমাদের, যাতে তারা অতীত অধ্যায় ভুলে এই ক্লাবের জন্য লড়াই চালিয়ে যেতে পারে। আমি তাদের নিয়ে গর্বিত। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের পেশাদারিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলুক, তা আমি হতে দেব না। তারা পেশাদার নয়- এ কথাটি মিথ্যা।”

রেয়াল মাদ্রিদ ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার আরবেলোয়ার কাছে ড্রেসিং রুমের এমন ঘটনা নতুন কিছু নয়। তবে এসব বাইরে আসায় বেশি বিরক্ত এই স্প্যানিয়ার্ড।

“আমার এক সতীর্থ ছিল, যে গলফ ক্লাব তুলে আরেকজন খেলোয়াড়ের দিকে ছুড়ে মেরেছিল। রেয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে যা ঘটে, তা সেখানেই থাকা উচিত। সেটা বাইরে আসায় বেশি কষ্ট পেয়েছি।”

“এই ধরনের ঘটনা সবসময়ই ঘটে আসছে, তবে আমি এটাকে সমর্থন করছি না। এটা একটা দুর্ঘটনা, যেখানে দুর্ভাগ্যবশত ভালভের্দের কপাল কেটে গেছে। আসলে যা ঘটেছে, তার চেয়ে দুর্ভাগ্যই বেশি ছিল এখানে।”

টানা দ্বিতীয়বার বড় কোনো শিরোপা ছাড়া মৌসুম শেষ করার দুয়ারে রেয়াল। গণমাধ্যমের খবর, আরবেলোয়াকেও নাকি অসম্মান করছেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন তিনি।

“এটা সম্পূর্ণ মিথ্যা। এই মৌসুমে আমাদের প্রত্যাশা মতো খেলতে না পারার জন্য আমিই মূলত দায়ী। এখানে চার মাস ধরে আছি এবং খেলোয়াড়দের নিয়ে আমি খুবই গর্বিত।”

আরবেলোয়ার মতে, চরম হতাশার কারণেই ড্রেসিং রুমে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এসব পেছনে ফেলে খেলোয়াড়দের সামনের পথচলায় মনোযোগ দিতে বলেছেন তিনি।

“তারা যেভাবে আমাকে গ্রহণ করেছে, সেটার জন্যও গর্ববোধ করি…এটা পরিষ্কার যে, হতাশা ও ক্ষোভ মানুষকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যেতে পারে, যেটা আসলে কেউ চায় না। এখন আমাদের ম্যাচে মনোযোগ দিতে হবে। ওই জায়গায় এখন আমাদের মনোযোগ ঘোরাতে হবে।”

লা লিগায় চার রাউন্ড বাকি থাকতে বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে আছে রেয়াল। ৩৪ ম‍্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। সমান ম‍্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে প্রতিযোগিতার সফলতম দল রেয়াল।

আসছে ক্লাসিকোয় হার এড়াতে পারলেই লিগ শিরোপা ধরে রাখা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।