১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ

সাফ অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দলের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ম্যাচে হ্যাটট্রিক উপহার দিয়েছেন রিফাত কাজী।

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে বাংলাদেশ
দুই ম্যাচের দুটিই জিতে গ্রুপ সেরা বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

মোহাম্মদ আরিফের গোলে এগিয়ে গেল বাংলাদেশ। হ্যাটট্রিক উপহার দিলেন রিফাত কাজী। শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল গোলাম রব্বানী ছোটনের দল।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। নেপালকেও একই ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল তারা।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠল বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠল নেপাল।

নেপালের সমান পয়েন্ট হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি একই সাথে বাংলাদেশের জন্য হয়ে উঠেছিল গ্রুপ সেরা হওয়ার লড়াইও। রিফাত-হুদাদের শুরুটাও হয় আক্রমণাত্মক।

অষ্টাদশ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় গোল পেয়ে যায় বাংলাদেশ। শ্রীলঙ্কার গোলরক্ষক সাথিনের নিচু করে নেওয়া কিকে বক্সের বাইরে বল পেয়ে যান নাজমুল হুদা ফয়সাল। তার শট ফিরিয়ে দিলেও আরিফের ফিরতি শট আটকাতে পারেননি গোলরক্ষক।

ব্যবধান দ্বিগুণ হতে পারত ২৪তম মিনিটে। মানিকের ক্রসে অপু রহমানের হেড গোলরক্ষক ফিস্ট করার পর ফয়সালের ফিরতি শট গোললাইন থেকে ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। 

৩৮তম মিনিটে বাংলাদেশের সামনে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। ফয়সালের ক্রসে উড়ে আসা বলে মানিকের হেড ফিরে আসে ক্রসবারে লেগে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সতীর্থের পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে রিফাতের জোরাল শট গোলরক্ষকের হাত ছুঁয়ে জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।

৬৪তম মিনিটে সাব্বির ইসলামের দূরপাল্লার শট ফিরিয়ে দেন লঙ্কান গোলরক্ষক; ফিরতি শটেই লক্ষ্যভেদ করেন রিফাত। 

৮৮তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করে নেন রিফাত। অধিনায়ক ফয়সালের হাওয়ায় ভাসানো লম্বা পাস থেকে বুদ্ধিদীপ্ত শটে জাল খুঁজে নেন তিনি।