১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ‘বড়’ জয়ে সেমি-ফাইনালে বাংলাদেশ

গোল পার্থক‍্যে মালদ্বীপকে পেছনে ফেলে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে উঠেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2024, 08:12 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

বাংলাদেশ ও মালদ্বীপের পয়েন্ট ছিল সমান। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা তাই নির্ভর করছিল ভারত-মালদ্বীপ ম্যাচের উপর। সেখানে মালদ্বীপ হেরে যাওয়ায় দুয়ার খুলেছে সাইফুল বারী টিটুর দলের সামনে। ভারতের সাথে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার সেরা চারে উঠেছে বাংলাদেশও।

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারায় ভারত। বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা ভারত টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে সেমি-ফাইনালে উঠল।

বাংলাদেশ ও মালদ্বীপের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। ফলে দুই দলের পয়েন্ট ছিল সমান ১ করে। ভারতের বিপক্ষে বাংলাদেশের চেয়ে বেশি ব্যবধানে হারায় কপাল পুড়েছে মালদ্বীপের। বাংলাদেশের সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে তারা।

‘এ’ গ্রুপের রানার্সআপ হওয়া বাংলাদেশ সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নের। ‘বি’ গ্রুপে সেরা হওয়ার দৌড়ে ছুটছে ভুটান ও পাকিস্তান, দুই দলের পয়েন্ট ৪ করে। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপাল।