১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমবাপের চমৎকার ২ গোল, বড় জয় রেয়াল মাদ্রিদের

রেয়াল মাদ্রিদের গৌরবের ১০ নম্বর জার্সিতে প্রথমবার জালের দেখা পেলেন কিলিয়ান এমবাপে।

এমবাপের চমৎকার ২ গোল, বড় জয় রেয়াল মাদ্রিদের
আর্দা গিলেরের অ্যাসিস্ট থেকে গোল করেন কিলিয়ান এমবাপে। ছবি: মাদ্রিদ এক্সট্রা এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 01:19 AM

Updated : 26 Aug 2026, 01:34 PM

যতক্ষণ মাঠে থাকলেন, নজরকাড়া পারফরম্যান্স উপহার দিলেন কিলিয়ান এমবাপে। রেয়াল মাদ্রিদের গৌরবের ১০ নম্বর জার্সিতে প্রথমবার জালের দেখা পাওয়ার দিনে ফরাসি তারকা করলেন দুর্দান্ত দুটি গোল। অবদান রাখলেন সতীর্থের গোলেও। বড় জয়ে প্রস্তুতি সারল শাবি আলোন্সোর দল।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে মঙ্গলবার অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

এদের মিলিতাও দলকে এগিয়ে নেওয়ার পর দুই অর্ধে একটি করে গোল করেন এমবাপে। শেষ দিকে তার অ্যাসিস্ট থেকে জালের দেখা পান রদ্রিগো।

গোটা ম্যাচে প্রত্যাশিত দাপট দেখায় রেয়াল। প্রায় ৭৯ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে গোলের জন্য ২১টি শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। স্বাগতিক দল গোলে শটই নিতে পারে স্রেফ একটি।

দশম মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে বক্সে হেডে দলকে এগিয়ে নেন মিলিতাও। হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রেয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পেলেন।

সেই রেশ থাকতেই ত্রয়োদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন তিনি। আর্দা গিলেরের থ্রু বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে শরীরটা ঘুরিয়ে বাঁ পায়ে জালে পাঠান বিশ্বকাপ জয়ী তারকা। 

প্রথমার্ধের শেষ দিকে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। নিরাপত্তাকর্মীর বাধা সত্ত্বেও, এমবাপের সঙ্গে সেলফিও তুলতে দেখা যায় ওই দর্শককে।

৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে। অহেলিয়া চুয়ামেনির থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে ঠিকানা খুঁজে নেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।

৮১তম মিনিটে এমবাপের পাসে কাছ থেকে স্বাগতিকদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। যার বদলি নেমেছিলেন তিনি, সেই ভিনিসিউস জুনিয়র এদিন প্রথম ৬২ মিনিট খেললেও তেমন কিছু করতে পারেননি।

নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে তুলে নেওয়া হয় ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরমার এমবাপেকে। 

আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রেয়াল মাদ্রিদ।