নতুন মৌসুমে দানি ওলমোর লক্ষ্য
বার্সেলোনার এই অ্যাটাকিং মিডফিল্ডার জানেন, লক্ষ্যে ছোটা খুব কঠিন হবে, কিন্তু তিনি আশাবাদী।
বার্সেলোনায় অভিষেক মৌসুমে দারুণ সময় কাটানোর পর আরও বেশি সাফল্যের জন্য ক্ষুধার্ত হয়ে উঠেছেন দানি ওলমো। নতুন মৌসুম শুরুর আগে দলগত ও ব্যক্তিগত লক্ষ্যও স্থির করেছেন এই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার।
বার্সেলোনার যুব দলে বেড়ে ওঠা ওলমো দিনামো জাগরেবের জার্সিতে সিনিয়র ফুটবলে পা রাখেন এবং এরপর যোগ দেন লাইপজিগে। সেখান থেকেই গত বছর অগাস্টে কাতালান ক্লাবটিতে ফিরে আসেন তিনি।
তবে শুরুতে তার নিবন্ধন নিয়ে জটিলতার মুখে পড়ে বার্সেলোনা এবং সেজন্য লা লিগায় প্রথম দিকে বেশ কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। সেই সমস্যা কেটে যাওয়ার পর অবশ্য নিজেকে মেলে ধরেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। লা লিগায় ১০টি সহ মোট ১২টি গোল করেন তিনি, সঙ্গে করেন সাতটি অ্যাসিস্ট।
বর্তমানে প্রাক-মৌসুমে এশিয়া সফরে আছে বার্সেলোনা দল। সেখানেই মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে আগামী মৌসুমে আরও বেশি গোল করা ও গত বছরের সাফল্য ধরে রাখার আশা প্রকাশ করেন ওলমো।
২০২৫-২৬ মৌসুমে কতগুলো গোল করতে চান, এমন প্রশ্নে প্রথমে দুই অঙ্ক ছোঁয়ার আশা প্রকাশ করেন তিনি।
“হ্যাঁ, (গোলসংখ্যা) অন্তত দুই অঙ্কে পৌঁছালে ভালো কিছু হবে। পরে (২০ গোলের প্রশ্নে) বলেন, হ্যাঁ, এটা হলে খুব ভালো হবে। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল করতে পারলে মৌসুমটা ভালো কাটবে।”
গত মৌসুমে দ্বিতীয়ভাগে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় বার্সেলোনা। জয় করে স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা শিরোপা। সুপার কাপ ও কোপা দেল রের ফাইনালসহ মৌসুমে মোট চারবার রেয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে প্রতিবারই জয়ের আনন্দে ভাসে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও উঠেছিল ওলমো-ইয়ামালরা।
“যেকোনো প্রকল্পের দ্বিতীয় মৌসুম সবচেয়ে কঠিন হয়”, একসময় কিংবদন্তি ফুটবলার ইয়োহান ক্রুইফের মন্তব্য টেনে ওলমোকেও প্রশ্নটি করা হয়। তিনিও স্বীকার করেন যে, আসছে মৌসুমে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তাদের।
“এমনটা হতে পারে। কারণ তিনটি শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালে খেলার মতো প্রথম মৌসুমের ঝলমলে সাফল্যের পর, এটার পুনরাবৃত্তি করা খুব কঠিন হতে পারে। তবে ফুটবলের এটাই তো সৌন্দর্য্য। প্রতি বছর নিজেকে নতুন করে গড়ে তুলতে হবে এবং প্রতি বছর আবার সবকিছু জিততে হবে।”
“আসছে মৌসুমে দলগতভাবে গতবারের সাফল্যের পুনরাবৃত্তি করা এবং ব্যক্তিগতভাবে আরও বেশি ম্যাচ খেলার লক্ষ্য আমার।”
আগামী ১৬ অগাস্ট মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বার্সেলোনা।
