ইংলিশ ফুটবল
Published : 23 Oct 2025, 09:57 PM
সময়ের সেরা ডিফেন্ডারদের একজন ইয়োশকো ভার্দিওলের পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত কিশোর বয়সেই। ম্যানচেস্টার সিটির সেন্টার-ব্যাক জানালেন, যুব পর্যায়ে একসময় ফুটবলে আনন্দ খুঁজে পাচ্ছিলেন বলে বাস্কেটবলে ক্যারিয়ার গড়ার কথা ভেবেছিলেন তিনি।
২০২৩ সালের অগাস্টে জার্মান ক্লাব লাইপজিগ থেকে ৭ কোটি ৭০ লাখ পাউন্ডে সিটিতে যোগ দিয়ে বিশ্বের দ্বিতীয় দামি ডিফেন্ডার হয়ে যান ভার্দিওল। বিবিসি স্পোর্টকে ২৩ বছর বয়সী ক্রোয়াট ডিফেন্ডার বললেন, ১৬ বছর বয়সে যখন দিনামো জাগরেবের যুব দলে খুব বেশি খেলার সময় পাচ্ছিলেন না, তখন ফুটবল থেকে সরে যাওয়ার কথা বিবেচনা করেছিলেন তিনি।
“(ফুটবল) ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলাম, কারণ আমি বাস্কেটবলও পছন্দ করি। ফুটবলে আমি অনিশ্চয়তায় ছিলাম, কারণ যখন অনুশীলন মাঠে যাবেন এবং আনন্দ বোধ করবে না, জানেন-ই তো?”
“আমি শুধু অন্য একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করছিলাম এবং আগের চেয়ে বেশি খুশি অনুভব করার চেষ্টা করছিলাম, কারণ আমার বন্ধুরা তখন বাস্কেটবল খেলছিল।”
ভার্দিওলা ওই কঠিন সময় পেরিয়ে দিনামোর মূল দলে ঢুকে পড়েন এবং টানা দুটি লিগ শিরোপা জেতেন। ২০২১ সালে তিনি যোগ দেন লাইপজিগে। বুন্ডেসলিগার দলটিতে আলো ছড়িয়ে দুই বছর পর সিটিতে নাম লেখান পাঁচ বছরের চুক্তিতে।
পেপ গুয়ার্দিলার দলে যোগ দেওয়ার পর প্রিমিয়ার লিগে তার (৯) চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ডিফেন্ডার। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির ৬১ ম্যাচের ৫৫টিতেই খেলেছেন তিনি।