Published : 09 Dec 2025, 04:35 PM
চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচে চেলসি দলে নেই নির্ভরযোগ্য ফুটবলার কোল পামার। সম্প্রতি চোট থেকে সেরে ওঠা এই অ্যাটাকিং মিডফিল্ডারকে বিশ্রাম দিয়েছেন কোচ এন্টসো মারেস্কা।
ইংলিশ এই ফুটবলার চোট কাটিয়ে ফিরলেও, এখনও পুরো ম্যাচ খেলার মতো ফিট নন। দুই দফায় কুঁচকির সমস্যায় প্রায় তিন মাসের মতো বাইরে থাকার পর, গত মাসে পায়ের আঙুল ভেঙে যাওয়ায় তার মাঠে ফেরা আরও কিছুদিনের জন্য বিলম্বিত হয়।
দীর্ঘ বিরতির পর, গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে হারর ম্যাচে ফেরেন পামার। পরে গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে সেপ্টেম্বরের পর প্রথমবার শুরুর একাদশে নামেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
এখনও পুরোপুরি ফিট না হওয়ায় পামার তিন দিনের ব্যবধানে টানা দুই ম্যাচ খেলতে পারবেন না বলে মনে করেন মারেস্কা।
“(আতালান্তা ম্যাচের জন্য) সে (পামার) প্রস্তুত নয়। তিন দিনে টানা দুটি ম্যাচ খেলতে পারবে না সে। পরিকল্পনা করেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এটা তাকে সুরক্ষিত রাখার উপায়।”
ফরোয়ার্ড লিয়াম ডেলাপকেও পাচ্ছে না চেলসি। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে কাঁধের চোটে পড়া এই তরুণ স্ট্রাইকারকে নিয়েও বাড়তি সতর্কতা চেলসির। তবে তার চোট নিয়ে আশার কথা শুনিয়েছেন মারেস্কা।
“সৌভাগ্যবশত লিয়ামের কোনো হাড় ভাঙেনি, এটা অবশ্যই ভালো খবর।”
চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে চেলসি।