Published : 20 Aug 2026, 08:26 PM
ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করলেন মোছাম্মাৎ সুলতানা। এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে প্রথম গোল পেল রাজশাহী স্টার্স। ঘুরে দাঁড়ানোর উপলক্ষও পেল বাংলাদেশের চ্যাম্পিনরা। যদিও হার এড়াতে পারল না গোলাম রব্বানী ছোটনের দল।
মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিক দেশের সাবাহ এফসির বিপক্ষে ২-১ গোলে হেরেছে রাজশাহী স্টার্স। টানা দুই ম্যাচ হারল তারা।
ইস্ট বেঙ্গলের বিপক্ষে ৪-০ গোলে হেরে যাত্রা শুরু করে রাজশাহী স্টার্স। আর ম্যাচে রোভার্সকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়ে আসা সাবাহ এফসি পেল টানা দ্বিতীয় জয়।
টানা দুই হারে নকআউট পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গেল প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া রাজশাহী স্টার্সের।
শিউলি আজিমকে বেঞ্চে রেখে সুরভি আরফিনকে নিয়ে সেরা একাদশ সাজান রাজশাহী স্টার্স কোচ। শুরু থেকে অবশ্য দুই দলই খেলছিল সাবধানী ফুটবল। প্রথম উল্লেখযোগ্য আক্রমণ হয় ২৭তম মিনিটে। প্রতিপক্ষের এক খেলোয়াড় গোলমুখে হেড করার আগে দারুণ ক্ষিপ্রতায় বল গ্লাভসে জমান রাজশাহী স্টার্স গোলকিপাার রুপনা চাকমা।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় মালয়েশিয়ার দলটি। সতীর্থের দারুণ থ্রু পাস নিখুঁত শটে জালে জড়িয়ে দেন এনজি হেকিমা স্টার্কস।
দ্বিতীয়ার্ধে খেলার গতি একটু বাড়ে। ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে সাবাহ এফসি। আক্রমণে জোর বাড়ায় রাজশাহী স্টার্সও। ৬২তম মিনিটে শামসুন্নাহার জুনিয়রের শট অল্পের জন্য পোস্টের বাইরে যায়। মাথায় হাত ওঠে ছোটনের।
রক্ষণের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সাবাহ এফসি। নেপালি ডিফেন্ডার বিমলা বিকে পাহারায় রাখতে পারেননি স্টার্কসকে। তাকে কাটিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড।
একটু পর বিমলাকে তুলে আক্রমণভাগের শক্তি বাড়াতে গত লিগে সর্বোচ্চ গোলদাতা আলপি আক্তারকে নামান রাজশাহী কোচ।
রাজশাহী গোলের দেখা পায় ৮৭তম মিনিটে। ডান দিক থেকে বল নিয়ে বক্সের ওপর থেকে শট নেন সুলতানা। বল হাওয়ায় ভেসে লাফিয়ে ওঠা গোলকিপারকে ফাঁকি দিয়ে জালে জড়ায়।
আগামী রোববার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে রোভার্সের মুখোমুখি হবে রাজশাহী স্টার্স।