ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুই লেগেই ‘অনিশ্চিত’ রুডিগার
লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া রেয়াল মাদ্রিদের ডিফেন্ডার।
মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেয়েছে রেয়াল মাদ্রিদ। হ্যামস্ট্রিং চোটে ভুগছেন দলটির রক্ষণভাগের ভরসা আন্টোনিও রুডিগার। লম্বা সময়ের জন্য ছিটকে যেতে পারেন তিনি।
লা লিগায় শনিবার এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচে এই চোট পান রুডিগার। ম্যাচের পঞ্চদশ মিনিটে পায়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তিনি।
পরীক্ষা-নিরীক্ষার পর রোববার রেয়াল জানায়, ডানপায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন রুডিগার। জার্মান অভিজ্ঞ ডিফেন্ডারের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
গণমাধ্যমের খবর, এই চোটে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন রুডিগার। আর এমনটা হলে বেশ কয়েকটি ম্যাচে তাকে পাবে না রেয়াল। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তার খেলা নিয়ে জেগেছে তীব্র শঙ্কা।
আগামী ১১ ও ১৯ ফেব্রুয়ারি প্লে অফে সিটির মুখোমুখি হবে রেয়াল। এর আগে আগামী বুধবার কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে লেগানেসের বিপক্ষে খেলবে তারা। আর আগামী শনিবার লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
গত নভেম্বরে লিগামেন্টে চোট পেয়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন এদের মিলিতাও। একই চোটে ১৩ মাস বাইরে থাকার পর কেবলই ফিরেছেন ডাভিড আলাবা। এর মধ্যে রুডিগারের চোট রেয়ালের জন্য নতুন দুশ্চিন্তার কারণ।
লা লিগায় এস্পানিওলের বিপক্ষে জিতে আতলেতিকোর সঙ্গে ব্যবধান ফের ৪ পয়েন্টে নেওয়ার সুযোগ ছিল রেয়ালের। কিন্তু তারা সেটা পারেনি। ২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রেয়াল। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো।
