Published : 18 Aug 2024, 11:27 AM
ওয়েম্বলিতে ম্যাচের মাঝপথেই অনেক সমর্থক দুয়ো দিতে থাকে ইংল্যান্ডকে। শেষ বাঁশি বাজার পরও দেখা যায় একই দৃশ্য। দলের বর্ণহীন পারফরম্যান্সে হতাশ হয়ে অনেকে ম্যাচ শেষের বেশ আগেই ছেড়ে যান গ্যালারি। আইসল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে সমর্থকদের এমন নেতিবাচক প্রতিক্রিয়া ভালোভাবেই অনুধাবন করতে পারছেন গ্যারেথ সাউথগেট। তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ নিতে তার দল পুরোপুরি প্রস্তুত থাকবে বলেই বিশ্বাস ইংল্যান্ড কোচের।
জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর আগে এটিই ছিল ইংল্যান্ডের শেষ প্রস্তুতি ম্যাচ। যেখানে শুক্রবার ওয়েম্বলিতে উপস্থিত ৮১ হাজার ৪১০ জন দর্শকের সামনে ১-০ গোলে হেরে যায় গত ইউরোর রানার্সআপরা।
২০১৬ ইউরোর শেষ ষোলোয় এই আইসল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এবার দলটির বিপক্ষে দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল তারা।
ম্যাচে হ্যারি কেইন ও ফিল ফোডেন সুবর্ণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। পুরো ম্যাচে গোলের জন্য মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে ইংলিশরা, ২০২১ সালের জুনের পর যা তাদের সবচেয়ে কম।
সাউথগেট স্বীকার করে নিলেন, তাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। তবে ইউরোতে দল ভালো করবে বলেই বিশ্বাস তার।
"পুরোপুরি বুঝতে পেরেছি (সমর্থকদের প্রতিক্রিয়া কারণ)। খেলার মধ্যে তাদের আনন্দিত রাখার জন্য যথেষ্ট ভালো খেলিনি আমরা। অবশ্যই পারফরম্যান্স ছিল অগোছালো ও হতাশাজনক, আমরা যথেষ্ট দৃঢ়তা দেখাতে পারিনি। তবে আমি মনে করি, একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এটা আমাদের জন্য একদিক থেকে ভালোই।”
“আমরা প্রস্তুত থাকব। আমরা যেমনটা আশা করেছিলাম, আজ রাতটা তেমন কাটেনি। খেলোয়াড়দের বলেছি, প্রতিটা দিন নিজের ইচ্ছা মতো কাটবে না এবং আজকের রাতটি ছিল তার মধ্যে একটি।”
আগামী ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের ইউরো অভিযান। ‘সি’ গ্রুপে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ স্লোভেনিয়া ও ডেনমার্ক।