১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ভারত ম্যাচে আমরা দেখিয়ে দেব’

মালদ্বীপের বিপক্ষে পারফরম‍্যান্সের সমালোচনার জবাবে সুরভি আকন্দ প্রীতি বললেন, পরের ম‍্যাচ নিজেদের সামর্থ‍্য দেখাতে চান তারা।

‘ভারত ম্যাচে আমরা দেখিয়ে দেব’
ভারতের বিপক্ষে নিজেদের সামর্থ‍্যের প্রমাণ দিতে উন্মুখ সুরভি আকন্দ প্রীতি। ছবি: বাফুফে

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, গোয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 07:36 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর পর জেগে ওঠা শঙ্কার মেঘটুকু সরান তিনি। এবার ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে সুরভি আকন্দ প্রীতি বললেন, সুযোগ পেলে ভারতের জালেও বল পাঠাতে চান তিনি। গোয়ার গ্যালারিতে ভারতীয় সমর্থকদের সম্ভাব্য উপস্থিতি নিয়েও তিনি দিলেন মজার উত্তর!

জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হওয়ার পথে এগিয়ে থাকা ভারতের জন্য ড্র-ই যথেষ্ট। তবে, জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই বাংলাদেশের সামনে।

মালদ্বীপ ম্যাচে স্কোরলাইনে ২-২ সমতা ফেরার পর বাংলাদেশ যখন পথ খুঁজে পাচ্ছিল না, তখনই উদয় প্রীতির। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নামা এই ফরোয়ার্ডে পথ দেখান ৬৪তম মিনিটে। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কোহাতি কিসকুর গোলে ৪-২ ব্যবধানের জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে দল।

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে বাংলাদেশ থেকে আসা গণমাধ্যমকর্মীদের সাথে আলাপচারিতায় শুক্রবার প্রীতি বললেন, গোল পেতে চান প্রতিযোগিতার রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষেও। বয়সভিত্তিক পর্যায়ে একের পর এক গোল করা প্রীতি হারিয়ে যায়নি, বরং আগের মতোই আছে, হাসিমুখে বললেন তিনি। 

“(বয়সভিত্তিকের প্রীতি) হারিয়ে যায়নি, কোচ যাকে আমার চেয়ে আরও ভালো মনে করে, আমার চেয়ে ভালো খেলোয়াড়ও দলে আছে, তাই তাদেরকেই সেরা একাদশে সুযোগ দিচ্ছে। তো এক এক সময়, এক এক পরিকল্পনায় খেলা হয়, তো এটা কোচের পরিকল্পনা। এটা নিয়ে আমার কিছু বলার নাই।”

“আমাকে যদি কোচ ভারতের বিপক্ষে খেলায়, তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলব। ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব। নিজের সেরাটা দেব, এটাই। (মালদ্বীপ ম্যাচে গোল পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে কিনা) এটা কি বলার কথা? কি বলবো? তবে, ফরোয়ার্ডে আমাদের ফিনিশিং আরও ভালো করা দরকার। কোচ আমাদের নিয়ে মাঠে এ নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন, ক্রস-ফিনিশিং এগুলোতে গুরুত্ব দিচ্ছেন।”

মালদ্বীপের বিপক্ষে ঘাম ঝরানো পারফরম্যান্সের পর দলের সামর্থ্য নিয়ে উঠছে প্রশ্ন। কেননা, এর আগে বাংলাদেশের বিপক্ষে জয় তো দূর অস্ত, দুই গোলও পায়নি কখনও দ্বীপ দেশটি। প্রীতিও মেনে নিলেন তা। তবে বললেন মনিকা চাকমার অনুপস্থিতির কারণে সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে ছিলেন না তারা।

“আমরাই তো (মালদ্বীপের বিপক্ষে) খেলেছি, তাই না? তবে হ্যাঁ, আমরা আরও ভালো খেলতে পারি, আমরা আরও ভালো কিছু দিয়েছি দেশকে। আপনারা জানেন, পরশুদিন ম্যাচ ভারতের বিপক্ষে। মালদ্বীপ ম্যাচে আমাদের তিন পয়েন্ট নেওয়ার কথা ছিল, নিতে পারছি। তো কোচ আমাদের এটাই বলছেন-সমস্যা নাই, ভারত ম্যাচে আমরা দেখিয়ে দেব।”

“আমাদের মিডফিল্ড শক্তিশালী, উইং শক্তিশালী, তো মালদ্বীপের বিপক্ষে মনিকা আপু খেলতে পারেনি, একটু (চোট) সমস্যা ছিল ওনার। তো মনিকা ও মারিয়া আপু দুইজন মাঝমাঠ ধরবে, এটাই ছিল পরিকল্পনা। সেটা হয়নি।”

সবশেষ উইমেন’স সাফের দুটি শিরোপা বাংলাদেশ জিতেছে নেপালের মাঠে। এবারের আয়োজক ভারত। গোয়ার গ্যালারিতে তাদের সমর্থকই থাকবে বেশি। এ নিয়ে ওঠা প্রশ্নে হাসিমুখে প্রীতি অবশ্য উত্তর দিলেন মজার ছলে।

“আচ্ছা, ভারতের দর্শকরা যখন ওদেরকে সমর্থন করবে, তো ওইটা আমরা ভাবে নেব যে, আমাদেরকে সমর্থন করছে।”