Published : 23 Jul 2025, 06:29 PM
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মার্কাস র্যাশফোর্ড ধারে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরেই। লা লিগার দলটির সাবেক স্ট্রাইকার ও ইংলিশ গ্রেট গ্যারি লিনেকারের বিশ্বাস, স্পেনে নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারবেন তার স্বদেশী এই ফরোয়ার্ড।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, এক মৌসুমের জন্য ধারে বার্সেলোনায় যাচ্ছেন র্যাশফোর্ড। এক বছর পর তাকে পাকাপাকিভাবে কিনে নেওয়ার সুযোগও নাকি থাকছে চুক্তিতে। বলা হচ্ছে, ধারের সময়টায় ২৭ বছর বয়সী এই ফুটবলারের বেতনের পুরোটা বহন করবে বার্সেলোনা। তার বেতন সপ্তাহে প্রায় সাড়ে তিন লাখ ইউরো।
ম্যানচেস্টার ইউনাইটেডে কঠিন সময় কাটানোর পর বার্সেলোনায় যোগ দিতে যাওয়াকে তার ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার সাহসী প্রচেষ্টা হিসেবে দেখছেন অনেকে। গত শতাব্দীর আশির দশকের শেষ দিকে বার্সেলোনার হয়ে খেলা লিনেকার মঙ্গলবার স্কাই স্পোর্টস-এ আলাপে আশা প্রকাশ করেন, এই ক্লাবে সফল হবেন র্যাশফোর্ড।
“সে ভালো করবে। মনে হচ্ছে সে ভালো মানসিক অবস্থায় আছে। আমার মতে, এটা (তার জন্য) দারুণ চ্যালেঞ্জ। তাদের দুর্দান্ত সব খেলোয়াড় আছে। তারা দারুণ একটি দল। তবে তারা অনেক ম্যাচ খেলছে।”
লামিনে ইয়ামাল, রাফিনিয়া ও রবের্ত লেভানদোভস্কিকে নিয়ে বার্সেলোনার আক্রমণভাগ এখন অনেক শক্তিশালী। তাদের সঙ্গে ফেররান তরেস ও দানি ওলমোও আছেন। তারপরও আক্রমণভাগে গভীরতার প্রয়োজনীয়তা দেখছেন লিনেকার। ৩৬ বছর বয়সী লেভানদোভস্কিকে এখনও যথেষ্ট কার্যকর হিসেবে দেখলেও তার বয়সের কথাও তুলে ধরলেন এই ফুটবল বিশেষজ্ঞ।
“তাদের আক্রমণভাগে প্রতিষ্ঠিত তিন জন আছে- রাফিনিয়া, লেভানদোভস্কি ও ইয়ামাল। কিন্তু তারা প্রতিটি ম্যাচে এই তিন খেলোয়াড়কে খেলাতে পারবে না। লেভানদোভস্কি এখন তার সেরা সময় প্রায় পার করে এসেছে। এই বয়সে সে যা অর্জন করছে, সেজন্য সে অসাধারণ। বার্সেলোনার জন্য ভালো চুক্তি হবে এটা। যদি মার্কাস তার সেরাটা মেলে ধরতে পারে, তাহলে অসাধারণ হবে।”
ওল্ড ট্র্যাফোর্ডে হুবেন আমুরির কোচিংয়ে দলে ব্রাত্য হয়ে পড়ার পর গত ফেব্রুয়ারিতে ২০২৪-২৫ মৌসুমের বাকি সময়ের জন্য ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেন র্যাশফোর্ড। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে ৪টি গোল করার পাশাপাশি ৬টি অ্যাসিস্ট করেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের সংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলে লিনেকার বলেন, এই ক্লাব ছেড়ে যাওয়া খেলোয়াড়দের সবাই ভালো করছেন।
“ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আসা খেলোয়াড়দের দিকে তাকান। সব জায়গায় তারা অবিশ্বাস্যভাবে ভালো করেছে। তাহলে ম্যানচেস্টার ইউনাইটেডে কিছু একটা ভুল আছে। সেখান থেকে বেরিয়ে আসা খেলোয়াড়রা সাধারণত সফল হয়েছে। ভিলায় সে (র্যাশফোর্ড) দুর্দান্ত ছিল এবং বার্সেলোনাতেও সে একই ধরনের কাজ করতে পারে। আমি আশা করি, সেটাই হবে।”