লিভারপুলকে ‘অসম্মান’ করা সালাহকে ধুয়ে দিলেন রুনি
সালাহর উচিত দ্রুত কোচ আর্না স্লটের সঙ্গে মতপার্থক্য মিটিয়ে ফেলা, নয়তো ক্লাব ছেড়ে চলে যাওয়া, বলছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
মোহামেদ সালাহর বিরুদ্ধে লিভারপুলকে অসম্মান করার অভিযোগ তুলেছেন ওয়েইন রুনি। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ডের মতে, মিশরীয় তারকার দ্রুত কোচ আর্না স্লটের সঙ্গে মতপার্থক্য মিটিয়ে ফেলা দরকার, নয়তো ক্লাব ছেড়ে চলে যাওয়া উচিত।
মৌসুমটা ভালো কাটছে না লিভারপুল ও সালাহর। সবশেষ তিন ম্যাচে তাকে বেঞ্চে রেখে শুরু করেন কোচ আর্না স্লট। সবশেষ গত শনিবার লিডস ইউনাইটেডের সঙ্গে ৩-৩ ড্র ম্যাচে খেলার সুযোগই পাননি তিনি।
ম্যাচের পর জমে থাকা প্রচণ্ড হতাশা আর ক্ষোভে যেন ফেটে পড়েন এই তারকা। কোনোরকম রাখঢাক না করেই ইঙ্গিত করেন কোচের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরার দিকে। বলেন, দলে ‘কেউ একজন চায় যেন সব দোষ আমার ওপর পড়ুক।’
তার এভাবে কথা বলাটা মোটেও পছন্দ হয়নি রুনির। সাবেক ইংলিশ তারকা ফুটবলার বিবিসির সঙ্গে আলাপে বলেন, সালাহর এমন আচরণ ক্লাবের সবার জন্যই অসম্মানজনক।
“কেন এভাবে বলবে? সালাহ লিভারপুলের জন্য অবিশ্বাস্য। একজন খেলোয়াড় হিসেবে সে চুপচাপ থাকে, নিজেকে নিয়ে থাকে।”
“গত বছর নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ার বিষয়ে সোচ্চার ছিল সে। যে অর্থ সে পায়, সেটা তার প্রাপ্য। কিন্তু সে যা বলেছে, তা বলতে পারে না। এটা তার সতীর্থদের, তার কোচের, ভক্তদের প্রতি অসম্মানজনক।”
রুনির মতে, স্লটকে এখন কর্তৃত্ব দেখাতে হবে এবং মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বা আগামী শনিবার ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচের দলে সালাহকে রাখা উচিত হবে না।
“আর্না স্লটকে কর্তৃত্ব দেখাতে হবে এবং তাকে (সালাহ) বলতে হবে, ‘তুমি দলের সঙ্গে ভ্রমণ করছো না, তুমি যা বলেছো, তা গ্রহণযোগ্য নয়।’
“আফ্রিকান নেশন্স কাপ খেলতে যাও এবং এখানে সবকিছু শান্ত হতে দাও। আমি যদি এই জায়গায় থাকতাম, তাহলে তার (সালাহর) দলে থাকার কোনো উপায় থাকত না।”
৩৩ বছর বয়সী সালাহকে একটি পরামর্শও দিলেন রুনি।
“তাকে হয় কোচের সঙ্গে কথা বলতে হবে…সবকিছু ঠিক করার চেষ্টা করতে হবে অথবা ক্লাব ছেড়ে চলে যেতে হবে। দ্রুত সমাধান করতে হবে।”
লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করেছেন সালাহ। গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৯ গোল করে দলের শিরোপা জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তিনি। গত এপ্রিলে অ্যানফিল্ডের দলটির সঙ্গে তিনি দুই বছরের নতুন চুক্তি করেন।
আগামী ২১ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের আফ্রিকান নেশন্স কাপ। সেই লক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বর ক্লাব থেকে যাওয়ার কথা মিশরের এই স্ট্রাইকারের।
