Published : 18 Aug 2024, 07:21 PM
ফিফা র্যাঙ্কিংয়ে চাইনিজ তাইপে ৪০তম, বাংলাদেশ ১৪০তম। দুই দলের শক্তির পার্থক্য সহজেই অনুমেয়। এদিকে হানা দিয়েছে চোটও। বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন, সহ-অধিনায়ক শিউলি আজিম এবং কোচ পিটার বাটলার তাই আসছে দুই প্রীতি ম্যাচ নিয়ে বড় স্বপ্ন দেখছেন না। বরং শক্তিশালী চাইনিজ তাইপের কাছ থেকে কিছু শেখার তাড়নাই বেশি দলের।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী শুক্রবার প্রথম প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই ভেন্যুতে গড়াবে ৩ জুন।
উইমেন’স প্রিমিয়ার লিগের খেলা শেষ হয়েছে গত বুধবার। শেষ ম্যাচে চোট পেয়েছেন জাতীয় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার মারিয়া মান্দা, রুপনা চাকমা। চোট কাটিয়ে ওঠা কৃষ্ণা রানী সরকারের ফেরার পথেই আছেন। লিগের সর্বোচ্চ গোলদাতা সাবিনা গণমাধ্যমের সাথে কথা বলতে এসেছিলেন কনুইয়ে ব্যান্ডেজ লাগিয়ে। সব মিলিয়ে চোটের থাবায় জেরবার অবস্থা।
সাবিনা, রুপনা দলে থাকলেও কৃষ্ণা ও মারিয়ার ঠাঁই হয়নি ২৩ জনের দলে।
বাফুফের এলিট একাডেমি নিয়ে কাজ করা পিটার বাটলার এই দুই ম্যাচে থাকবেন বাংলাদেশের ডাগআউটে। চোট নিয়ে জানালেন প্রথাগত কথা- এগুলো ফুটবলেরই অংশ।
“দলের ‘শেইপ’ দাঁড় করানো নিয়ে কাজ করেছি, কিন্তু এটা কঠিন ছিল উইমেন’স লিগ চলার কারণে। তবে যতটুকু সময় পেয়েছি সেটা কার্যকরভাবে কাজে লাগানোর চেষ্টা করেছি আমরা। একই সাথে, আমি নতুনদের সুযোগ দিতে চাই, তারা যেন নির্ভার থাকতে পারে।”
“আমি বিশ্বাস করি একজনের দূর্ভাগ্য আরেকজনের জন্য সৌভাগ্যের কারণ। নতুনরা সুযোগ যাবে। এটা নিয়ে আহাজারি করতে চাই না। এটা ফুটবলের অংশ। প্লেয়াররা চোট পাবে, আমাদের এগিয়ে যেতে হবে।”
অধিনায়ক সাবিনা সামনে আনলেন র্যাঙ্কিংয়ের ব্যবধানের প্রসঙ্গ। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলার আশাবাদও জানালেন এই তারকা ফরোয়ার্ড।
“শেষ দুই বছরে আমরা… সাফ চ্যাম্পিয়নশিপ ধরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, অলিম্পিকস কোয়ালিফাই মিলিয়ে বেশ কিছু ম্যাচ খেলেছি। সবশেষ যে ম্যাচগুলো খেলা হয়েছে, আমার মনে হয়, শক্তিশালী দলের বিপক্ষেই খেলা হয়েছে। আমি মনে করি চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচও কঠিন ম্যাচ হবে। সময়টা এখন শক্তিশালী দলের বিপক্ষে খেলার। ফল যায় হোক, সেটা পরের বিষয়।”
“ওদের র্যাঙ্কিংয়ের ব্যাপারে আমরা একটু যেটা জেনেছি, ওরা ৪০ আর আমরা ১৪০। তো ওই ব্যাপারটা থাকেই… তবে আমার মনে হয়, শক্তিশালী দলের বিপক্ষে খেললে মেয়েরা বুঝতে পারবে কীভাবে নিজেদের আরও উন্নতি করা যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো খেলা উপহার দিতে পারি।”
সহ-অধিনায়ক শিউলি আজিম অল্প কথায় বুঝিয়ে দিলেন দলীয় লক্ষ্য, “চাইনিজ তাইপে অনেক ভালো দল। আমাদের লক্ষ্য থাকবে ওদের থেকে অভিজ্ঞতা অর্জন করা এবং শেখা। চেষ্টা করব দেশকে যেন ভালো কিছু উপহার দেওয়া যায়।”
বাংলাদেশ দল: রুপনা চাকমা, ইয়ারজান বেগম, সাথী বিশ্বাস, মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শামসুন্নাহার জুনিয়র, সুরমা জান্নাত, কোহাতি কিসকু, শিউলি আজিম, আনাই মোগিনি, নিলুফা ইয়াসমিন নীলা, মনিকা চাকমা, স্বপ্না রানী, মুনকি আক্তার, সানজিদা আক্তার, সুমাইয়া মাতসুশিমা, ঋতুপর্না চাকমা, সাজেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, তহুরা খাতুন, সাগরিকা ও সুরভী আকন্দ প্রীতি।