Published : 22 Jul 2026, 08:03 PM
বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতি টানার কথা আগেই জানিয়েছিলেন গিয়ের্মো ওচোয়া; এবার দিলেন আনুষ্ঠানিক ঘোষণা। তাতে শেষ হচ্ছে পেশাদার ফুটবলে তার ২২ বছরের পথচলা। গ্লাভস হাতে পোস্টে আর দেখা যাবে না মেক্সিকোর ফুটবল ইতিহাসের সবচেয়ে আইকনিক গোলরক্ষকদের একজন ওচোয়াকে।
৪১ বছর বয়সী এই ফুটবলার মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে বলেন, সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে গেছেন তিনি।
“আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। ক্লাব ও জাতীয় দলের জন্য মাঠে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি। আর আজ আমি গ্লাভস তুলে রাখছি।
“একজন গোলরক্ষক মানে এটা মেনে নেওয়া যে, হয়তো ৯০ মিনিট অপেক্ষা করতে হবে এমন একটি মুহূর্তের জন্য, যখন সবকিছু আপনার ওপর নির্ভর করবে। আর সেই মুহূর্ত এলে কোনো দ্বিধার সুযোগ থাকে না।”
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ওচোয়ারও যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরটি ছিল ষষ্ঠ বিশ্বকাপ। অবশ্য ক্যারিয়ারের প্রথম দুই বিশ্বকাপে মাঠে নামার সুযোগ হয়নি তার। আর এবার দলের প্রথম দুই ম্যাচে খেলানো হয়নি তাকে। চেকিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে চতুর্থ বিশ্বকাপে মাঠে নামেন তিনি।
২০০৪ সালে আসতেকা স্টেডিয়ামে পেশাদার ফুটবল ক্যারিয়ারের পথচলা শুরু হয় ওচোয়ার, ক্লাব আমেরিকার হয়ে। ঐতিহাসিক এই মাঠেই বিশ্বকাপে চেকিয়ার বিপক্ষে লড়াইটি হয়ে রইল তার শেষ ম্যাচ।
ওই ম্যাচ দিয়েই ওচোয়াকে যেন একরকম বিদায় বলে দেন তার সতীর্থরা। ম্যাচ শেষে তাকে শূন্যে ছুঁড়ে মেক্সিকোর সবাই করেন উদযাপন। দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান দর্শকরা।
তখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে বিদায় বলেননি ওচোয়া। অবশেষে সেটিও সেরে ফেললেন তিনি।
কনক্যাকাফ অঞ্চলের সেরা গোলরক্ষক হিসেবে বিবেচিত ওচোয়া। এই অঞ্চলের সর্বোচ্চ টুর্নামেন্ট কনক্যাকাফ গোল্ড কাপের শিরোপা জিতেছেন তিনবার- ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালে। এই টুর্নামেন্টে ১৭ ম্যাচ খেলেছেন তিনি; এর ১৪টিতে জিতেছে মেক্সিকো, ড্র করেছে দুটিতে আর হেরেছে একটিতে।
বিশ্বকাপে ১২টিসহ জাতীয় দলের জার্সিতে মোট ১৫৩টি ম্যাচে খেলে শেষ হলো ওচোয়ার বর্ণাঢ্য ক্যারিয়ার।
দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালের ক্লাবে খেলেছেন ওচোয়া।