১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিটির বিপক্ষে বোর্নমাউথের ‘সবচেয়ে বড় সমর্থক’ আর্তেতা

বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটির স্নায়ুচাপের ম্যাচটি কতক্ষণ দেখবেন, নিশ্চিত নন আর্সেনাল কোচ।

সিটির বিপক্ষে বোর্নমাউথের ‘সবচেয়ে বড় সমর্থক’ আর্তেতা
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 03:36 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি জিতলে আর্সেনালের শিরোপা জয়ের আশা শেষ হয়ে যাবে না। তবে এই লড়াইয়ে সিটি পয়েন্ট হারালেই দীর্ঘ অপেক্ষার অবসান হবে লন্ডনের ক্লাবটির। তাই ম্যাচটিতে বোর্নমাউথকে পূর্ণ সমর্থন দেবেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

বার্নলির বিপক্ষে সোমবার ১-০ গোলের কষ্টার্জিত জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘ্রাণ পেতে শুরু করেছে আর্সেনাল। ৩৭ রাউন্ড শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এক ম্যাচ কম খেলা দ্বিতীয় স্থানে ৭৭ পয়েন্ট নিয়ে।

ভাইটালিটি স্টেডিয়ামে মঙ্গলবার বোর্নমাউথের মুখোমুখি হবে সিটি। শিরোপার লড়াই শেষ দিন পর্যন্ত টেনে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পেপ গুয়ার্দিওলার দলের। আর এই ম্যাচে তারা হারলে কিংবা ড্র করলে নিশ্চিত হয়ে যাবে আর্সেনালের লিগ শিরোপা জয়।

সেই ২০০৩-০৪ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিল আর্সেনাল। ২২ বছর পর ভুলে যাওয়া সেই স্বাদ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছে তারা।

বার্নলিকে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্তেতাকে জিজ্ঞেস করা হয়, তিনি বোর্নমাউথকে সমর্থন করবেন কিনা। আর্সেনাল কোচ বলেন, আগামী ২৪ ঘণ্টার জন্য বোর্নমাউথের ইতিহাসের ‘সবচেয়ে বড় সমর্থক’ থাকবেন তিনি।

“আমার মনে হয়, আমরা সবাই বোর্নমাউথের সমর্থক, কারণ এই ম্যাচটির গুরুত্ব কতটা, সেটা আমরা জানি।”

লিগে আগের ম্যাচেও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল আর্সেনাল। মৌসুমের শেষ সময়ে এসে পরপর দুই ম্যাচে প্রবল স্নায়ু চাপে ছিলেন আর্তেতা। আর্সেনাল কোচ বললেন, সিটি ও বোর্নমাউথের লড়াইটি দেখা তার জন্য একটু বেশি চাপের হয়ে যাবে।

“আমি ভাবতাম, মাথায় যত চুল আছে, সেটা কখনো কমবে না। কিন্তু এই চাকরি সেই ধারণাকে চরম পরীক্ষায় ফেলছে।”

“জানি না, কতক্ষণ এই ম্যাচ দেখতে পারব, তবে টিভির সামনেই থাকব। জানি না, কতটুকু দেখতে পারব। সবাইকে নিয়ে দেখার পরিকল্পনা করেছি, কিন্তু কতক্ষণ স্নায়ু ধরে রাখতে পারব, তা নিশ্চিত নয়।”

সিটি এই ম্যাচ জিতলেও শিরোপা জয়ের ভাগ্য থাকবে আর্সেনালের হাতে। শেষ রাউন্ডে ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই ট্রফি ঘরে তুলতে পারবে তারা।