Published : 26 Nov 2025, 03:16 PM
ইকরামুল ইসলাম দলকে এগিয়ে নেওয়ার পর শ্রীলঙ্কার জালে একের পর এক গোল করলেন মানিক-ফয়সালরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে আরেকটি বড় জয় তুলে নিল বাংলাদেশ।
চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। জোড়া গোল করেছেন নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল ইকরামুল, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামির।
প্রথমার্ধে দুটি গোল করে বাংলাদেশ। ২৪তম মিনিটে ইকরামুলের গোলের পাঁচ মিনিট পর, অপুর পাস ধরে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক।
দ্বিতীয়ার্ধে রিফাত কাজীর বাড়ানো বল জালে জড়িয়ে ব্যবধান বাড়ান ফয়সাল। যোগ করা সময়ে আবার জালের দেখা পান তিনি। আর ফয়সালের দ্বিতীয় গোলের আগে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বায়েজিদ।
বাছাইয়ে এখন পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে যাত্রা শুরুর পর, ব্রুনেইকে ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ফয়সালরা।
আগামী শুক্রবার গ্রুপ পর্বে চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।