২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাবিনা-কৃষ্ণাদের রুখে দিলেন তহুরা-প্রীতিরা

পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝড় তুলে এক পর্যায়ে এগিয়েও গেল নাসরিন একাডেমি, কিন্তু আশা জাগিয়ে জিততে পারেনি তারাও।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:11 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

কিক অফের পর প্রথম আক্রমণেই গোল তুলে নিল আতাউর রহমান ভূইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে আক্রমণের ঢেউ তুলে ঘুরে দাঁড়াল নাসরিন একাডেমি। জয়ের আশা জাগাল তারাও। কিন্তু এবারের উইমেন’স প্রিমিয়ার লিগে শিরোপা প্রত্যাশী দুই দলের লড়াই শেষ হলো পয়েন্ট ভাগাভাগি করে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়।

সুরভী আকন্দ প্রীতির গোলে এগিয়ে যায় এআরবি কলেজ। কৃষ্ণা রানী সরকার সমতা ফেরানোর পর নাসরিন একাডেমিকে এগিয়ে নেন সাবিনা খাতুন। শেষ দিকের গোলে প্রীতির লক্ষ্যভেদে ড্র হয় ম্যাচ।

জাতীয় দলের অধিকাংশ তারকা খেলোয়াড়ের ঠিকানা এবার নাসরিন একাডেমি। কিন্তু তাদের চমকে দিয়ে ৪২ সেকেন্ডে এগিয়ে যায় এআরবি। সতীর্থের থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিতে পারেননি প্রীতি। তবে পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলরক্ষক রূপনা চাকমার ক্লিয়ার করার চেষ্টা প্রীতির গায়ে লাগে; সৌভাগ্যক্রমে পাওয়া বল ফাঁকা পোস্টে জড়াতে ভুল করেননি এই ফরোয়ার্ড।

পঞ্চম মিনিটেই সমতায় ফেরে নাসরিন একাডেমি। সাবিনার সাথে বল দেওয়া-নেওয়া করে আক্রমণে ওঠেন ঋতুপর্না চাকমা। নিজে শট না নিয়ে ক্রস বাড়ান দূরের পোস্টে থাকা কৃষ্ণার উদ্দেশে। ছুটে গিয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

২১তম মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় এগিয়ে যায় নাসরিন একাডেমি। কৃষ্ণার থ্রু পাস দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের প্লেসিং শটে জাল খুঁজে নেন সাবিনা।

এরপর ব্যবধান বাড়াতে একের পর এক আক্রমণ শাণাতে থাকে নাসরিন একাডেমি। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় মেলেনি গোল। ৬৩ মিনিটে সাবিনার কর্নারে হেড করেন শামসুন্নাহার জুনিয়র। শেষ মুহূর্তে আটকান গোলরক্ষক সাথী বিশ্বাস।

ছয় মিনিট পর আবারও সুযোগ কড়া নেড়েছিল। এবার এআরবি গোলরক্ষকের পোস্ট ছেড়ে বেরিয়ে আসার সুযোগ কাজে লাগাতে শট নিয়েছিলেন ঋতুপর্ণা, কিন্তু বল অল্পের জন্য যায় পোস্ট ঘেঁষে বাইরে।

৭৪ মিনিটে আবারও হতাশ হতে হয় নাসরিন একাডেমিকে। এবার শামসুন্নাহারের শট গোলরক্ষকের গায়ে লেগে কর্নার হয়। কর্নারের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

চাপে কোণঠাসা এআরবির তাঁবুতে সমতার স্বস্তি ফেরে ৮৪তম মিনিটে। জাতীয় দলের ফরোয়ার্ড তহুরা খাতুনের থেকে পাওয়া বল শাহেদা আক্তার রিপা থ্রু পাস বাড়ান; বলের নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষকের মাথার উপর দিয়ে চিপ শটে লক্ষ্যভেদ করেন প্রীতি।

পয়েন্ট টেবিলে চলছে ত্রিমুখী লড়াই। ১৩ করে পয়েন্ট নাসরিন একাডেমি ও এআরবি কলেজের। অবশ্য এআরবির চেয়ে (৬টি) নাসরিন একাডেমি ম্যাচ খেলেছে একটি কম। চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবেই আছে বাংলাদেশ সেনাবাহিনী।