১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইস্ট বেঙ্গলের বিপক্ষে হেরে শুরু মনিকা-রুপনাদের

প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের দল।

ইস্ট বেঙ্গলের বিপক্ষে হেরে শুরু মনিকা-রুপনাদের
এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হলো না মনিকা-তহুরাদের। ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2026, 05:06 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

ইস্ট বেঙ্গলের বিদেশিদের আটকে রাখার যে পরিকল্পনা ছিল, তা রক্ষণে অনুবাদ করতে পারলেন না আফঈদা খন্দকার-শিউলি আজিমরা। মনিকা চাকমা-মারিয়া মান্ডারা পারলেন না মাঝমাঠের দখল নিতে। আক্রমণভাগে শামসুন্নাহার জুনিয়র-তহুরা খাতুনরাও থাকলেন বিবর্ণ হয়ে। ভারতের দলটির বিপক্ষে বড় ব্যবধানে হেরে এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে শুরু করল রাজশাহী স্টার্স।

মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে হেরেছে রাজশাহী স্টার্স। প্রথমার্ধেই তিন গোল হজম করে কোণঠাসা হয়ে পড়া গোলাম রব্বানী ছোটনের দল দ্বিতীয়ার্ধেও পারেনি কোনো চ্যালেঞ্জ জানাতে।

ইস্ট বেঙ্গলের জয়ে দুই গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। একটি করে গোল আস্তাম ওরাওন ও সৌমিয়া গুগুলোথের।

নবম মিনিটে সফল স্পট কিকে ইস্ট বেঙ্গলকে এগিয়ে নেন আনোকি। ২৫তম মিনিটে ব্যবধান হয় দ্বিগুণ। মাঝমাঠ থেকে উড়ে আসা বল নিয়ন্ত্রণে নেন ওরাওন, ছুটে গেলেও তাকে আটকাতে পারেননি শাহেদা আক্তার রিপা। ঠাণ্ডা মাথায় শটে রুপনাকে পরাস্ত করেন ওরাওন।

৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ে। রাজশাহী স্টার্সের নেপালি ডিফেন্ডার বিমলা বিকে বল ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো ক্রস জালে জড়িয়ে দেন আনোকি।

দুটি উইমেন’স সাফ জয়ী গোলকিপার রুপনা চাকমা ৭১তম মিনিটে পরাস্ত হন আবারও। গুগুলোথের শট তার হাত গলে বেরিয়ে জালে জড়ায়। তাতে প্রথমবারের এএফসি উইমেন’স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামার রোমাঞ্চ রাজশাহী স্টার্সের জন্য বড় হরের বিষাদে রূপ নেয়।

নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার এই গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির মুখোমুখি হবে রাজশাহী স্টার্স।