১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

২ মাস পর মাঠে ফিরছেন মেসি

চোট কাটিয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2024, 12:00 AM

Updated : 26 Aug 2026, 10:28 AM

অপেক্ষার পালা শেষ হচ্ছে অবশেষে। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোট থেকে লিওনেল মেসি পুরোপুরি সেরে উঠেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টাইন মহাতারকা দুই মাস পর মাঠে ফিরবেন বলে নিশ্চিত করেছেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।

ঘরের মাঠে বাংলাদেশ সময় আগামী রোববার ভোর সাড়ে ৫টায় ফিলাডেলফিয়ার মুখোমুখি হবে মায়ামি।

গত ১৪ জুলাই কোপা আমেরিকার ফাইনালের দ্বিতীয়ার্ধে অ্যাঙ্কেলে চোট পেয়ে মাঠ ছাড়েন মেসি। ডাগআউটে বসে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাকে। অতিরিক্ত সময়ে লাউতারো মার্তিনেসের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা।

মায়ামি কোচ শুরুতে বলেছিলেন, অন্তত দুটি ম্যাচে খেলতে পারবেন না মেসি। পরে দেখা যায়, তার চোট আরেকটু গুরুতর। তখন বলা হয়, অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে আটবারের ব্যালন দ’র জয়ীকে।

মায়ামির বেশ কয়েকটি ম্যাচসহ আর্জেন্টিনার হয়ে এই মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচও খেলতে পারেননি তিনি।

মার্তিনো শুক্রবার সংবাদ সম্মেলনে নিশ্চিত করে দিলেন, পরের ম্যাচেই ফিরছেন দলের সেরা তারকা।

“সে এখন ভালো আছে, আগামীকাল খেলার পথে আছে এবং অনুশীলনের পর আমরা তার জন্য কৌশল নির্ধারণ করব। তাকে পাওয়া যাবে।” 

মেসিকে নিয়ে তাড়াহুড়ো করতে চাননি মার্তিনো। তাই দলের সবশেষ ম্যাচে গত ৩১ অগাস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে ৪-১ গোলে জয়ের ম্যাচে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডকে খেলানো হয়নি। যাতে মাঠে ফেরার জন্য আরও দুই সপ্তাহ সময় পান তিনি।

ফিলাডেলফিয়ার বিপক্ষে মেসির শুরুর একাদশে থাকার সম্ভাবনাও উড়িয়ে দেননি মায়ামি কোচ।

“সে শিকাগোতে যায়নি, যাতে ফিলাডেলফিয়ার বিপক্ষে কিছু মিনিট খেলতে পারে কিংবা এমনকি শুরুর একাদশেও নামতে পারে।”

মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে মায়ামি।