২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

প্রতিপক্ষকে গুঁড়িয়ে শেষ আটে ‘কৃত্তিম বুদ্ধিমত্তার’ সিনার

ইউএস ওপেনে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ২৩তম বাছাইকে দাঁড়াতেই দেননি এই ইতালিয়ান তারকা।

প্রতিপক্ষকে গুঁড়িয়ে শেষ আটে ‘কৃত্তিম বুদ্ধিমত্তার’ সিনার
ইউএস ওপেনের শেষ আটে জায়গা করে নিয়েছেন ইয়ানিস সিনার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

রক্ত-মাংসে গড়া একজন মানুষ। আর দশটা সাধারণ মানুষের মতোই যার চলাফেরা। সেই ইয়ানিক সিনারের টেনিস কোর্টে অবিশ্বাস্য রিফ্লেক্স আর নিখুঁত পারফরম্যান্স দেখে যেন তাকে আর সাধারণ মানুষ মনে হচ্ছে না আলেক্সান্দার বুবলিকের। ইউএস ওপেনে মুখোমুখি লড়াইয়ে ধরাশায়ী হওয়ার পর, এই ইতালিয়ানকে ‘কৃত্তিম বুদ্ধিমত্তার’ সঙ্গে তুলনা করলেন বুবলিক।

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে মঙ্গলবার শেষ ষোলোর ম্যাচের কাজাখস্তানের প্রতিপক্ষকে কোর্টে দাঁড়াতেই দেননি সিনার। মাত্র এক ঘণ্টা ২১ মিনিটে ৬-১, ৬-১, ৬-১ গেমে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠেন তিনি।

এখানে শিরোপা ধরে রাখার অভিযানে শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সিনার। চার ম্যাচের তিনটিই তিনি জিতেছেন সরাসরি সেটে, প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়েই, তৃতীয় রাউন্ডে একটি সেট হারেন তিনি।

তবে, তার সবশেষ ম্যাচের পারফরম্যান্সটিই বেশি আলোচিত হচ্ছে। ক্যারিয়ারে যে চারটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সিনার, তার দুটিই এই বছরে, অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন। এই বছরে কেবল দুজন তাকে হারাতে পেরেছে, তার একজন এই বুবলিক।

তবে ২৩তম বাছাই বুবলিকের আবার তেমন কোনো চমক জাগানোর যে কোনো সম্ভাবনাই নেই, তা শুরুতেই বুঝিয়ে দেন সিনার। 

কোর্টে চরমভাবে বিপর্যস্ত হওয়ার পর ইউএস ওপেনের ইনস্টাগ্রাম পোস্টে সিনারের প্রশংসায় ছোট্ট করে বুবলিক লেখেন, “সে কৃত্তিম বুদ্ধিমত্তার খেলোয়াড়ের মতো।”

এবারের ইউএস ওপেনে সিনারের বিপক্ষে লড়াইয়ে নামার আগে বেশ ভালো পারফরম্যান্স দেখান বুবলিক। কিন্তু সিনারের আধিপত্যের সামনে ঘুরে দাঁড়াতে পারেননি তিনি। 

ম্যাচ শেষে সিনার অবশ্য রাশিয়ায় জন্ম নেওয়া বুবলিকের প্রশংসা করেন। 

“এই বছর আমাদের মধ্যে কঠিন কিছু লড়াই হয়েছে, আমরা একে অপরের খেলার ধরণ খুব ভালো বুঝি।”

“(তৃতীয় রাউন্ডে) কঠিন একটা ম্যাচ খেলেছে সে, পাঁচ সেটের, অনেক দেরিতে ম্যাচ শেষ হয়েছিল এবং (আজ) সে ভালোমতো সার্ভ করতে পারেনি, যেমনটা সে সাধারণত করে থাকে। সব মিলিয়ে আমি খুব খুশি।”