১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘২০০ শতাংশ’ দিয়ে খেলেছে কেইপ ভার্ড

আর্জেন্টিনা কোচ বলেছেন, কেইপ ভার্ডের সঙ্গে তাল মিলিয়ে খেলতে গিয়ে ভীষণ ক্লান্তি নিয়ে ম‍্যাচ শেষ করেছেন খেলোয়াড়রা।

‘২০০ শতাংশ’ দিয়ে খেলেছে কেইপ ভার্ড
হুলিয়ান আলভারেসকে কিছু একটা বলছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 12:55 PM

Updated : 11 Sep 2026, 03:34 PM

আসরের চমক কেইপ ভার্ড যেন নিজেদের ছাড়িয়ে যেতে চাইছিল নকআউট পর্বে। আর্জেন্টিনার বিপক্ষে দলটি যেন নিজেদের ২০০ শতাংশ দিয়ে খেলছিল। অন্তত ম‍্যাচ শেষে তেমনই মনে হচ্ছিল আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির।  

শেষ বত্রিশে বাংলাদেশ সময় শনিবার ভোরের ম‍্যাচে ৩-২ গোলে জিতেছে আর্জেন্টিনা। ম‍্যাচের শেষ দিকে বিশ্ব চ‍্যাম্পিয়নদের প্রায় সবার ক্লান্তি স্পষ্ট বোঝা যাচ্ছিল। 

ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটা স্বীকার করলেন স্কালোনি।

“ওরা ভীষণ ক্লান্তি নিয়ে ম‍্যাচ শেষ করেছে। অতিরিক্ত সময়ের জন‍্য খেলোয়াড়রা ক্লান্ত- অনেক মিনিট খেলতে হয়েছে- কিছু ক্র‍্যাম্পও ছিল।

“উন্নতির কিছু জায়গা আছে, তবে ওরা ঘুরে দাঁড়ানোর মানসিকতা দেখিয়েছে। দল আজ তাদের দৃঢ়তা ও সামর্থ‍্য দেখিয়েছে।”   

কেউ কেউ ভেবেছিলেন আর্জেন্টিনা সহজ জয় পেতে যাচ্ছে। তবে স্কালোনি আগেই অনুমান করতে পেরেছিলেন বেশ ভুগতে হতে পারে তাদের। 

“কেইপ ভার্ড আজ ২০০ শতাংশ দিয়ে খেলেছে আর ফুটবলে এটা ব‍্যবধান ঘুচিয়ে দেয়। আর ভক্তরাই প্রথম এটা বুঝতে পারে যে, এটা আর্জেন্টিনা এবং আমাদের জন‍্য কোনো কিছু সহজ নয়।”

শেষ ষোলোয় আগামী মঙ্গলবার মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ওই ম‍্যাচের আগে খেলোয়াড়দের সতেজ করে তোলাই স্কালোনির এখন মূল লক্ষ‍্য।

“এই জার্সির বিশেষ একটা ব‍্যাপার আছে। আমরা এগিয়ে যেতে থাকব। আর আমাদের একরকম দৃঢ়তা নিয়ে নামার ও সামনে এগিয়ে যেতে না পারার কোনো কারণ নেই।”