Published : 07 Aug 2026, 12:43 PM
টালমাটাল সময়ে খানিকটা স্বস্তির পরশ পেলেন জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবল বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়া ফিফা সভাপতির প্রতি সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনা ও মেক্সিকোর ফুটবল অ্যাসোসিয়েশন।
মেক্সিকান ফুটবল ফেডারেশনের (এফএমএফ) এই সমর্থন বেশ কৌতূহল জাগানিয়া। বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি তাদের আঞ্চলিক কনফেডারেশনের বিরুদ্ধে গিয়ে এই অবস্থান নিল। ফিফায় বেসরকারী বিনিয়োগের প্রস্তাবের পর ইনফান্তিানোর সভাপতিত্ব নিয়ে ‘ব্যাপক পর্যালোচনার’ আহ্বান জানিয়েছিল কনক্যাকাফ।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) সর্বসম্মতিক্রমে বৃহস্পতিবার ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন জানালেও ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে যে, তারা বিশ্বকাপ এবং ফিফার অন্যান্য প্রতিযোগিতা বর্জন করার সিদ্ধান্তে অটল থাকবে।
এশিয়ার কনফেডারেশন আগেই জানিয়েছে, তারা উয়েফা এবং কনক্যাকাফের সঙ্গে ‘একাত্মতা প্রকাশ করছে।’উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল পরিচালনা করে কনক্যাকাফ।
তবে দক্ষিণ আমেরিকার কনমেবল বৃহস্পতিবার বিবৃতিতে জানায়, ইনফান্তিনোকে ক্ষমতাচ্যুত করার এমন প্রচেষ্টাকে তারা প্রত্যাখ্যান করছে, যেখানে ২১১টি সদস্য দেশের সকলের ভোট অন্তর্ভুক্ত ছিল না।
মেক্সিকোর ফেডারেশনও একই মনোভাব ব্যক্ত করে বিবৃতি দিয়েছে।
“সেই প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে আয়োজিত কোনো প্রক্রিয়াকে স্বীকৃতি বা অনুমোদন দেবে না এফএমএফ এবং এটি ২১১টি সদস্য সংস্থার স্বার্থে সম্মিলিতভাবে ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রেসিডেন্ট ইনফান্তিনোর আহ্বানে যোগ দিচ্ছে।
প্রাতিষ্ঠানিক শক্তিশালীকরণের মাধ্যমে ফুটবলের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্ট ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন করে এফএমএফ।”
একটি নতুন সহায়ক সংস্থা প্রতিষ্ঠা করে ২০ শতাংশ অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার এই প্রস্তাব করেছিলেন ইনফান্তিনো, যেটি ফুটবল বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দেয়। প্রবল বাধার মুখে গত শুক্রবার তা প্রত্যাহার করা হয়। এই চুক্তির মাধ্যমে প্রায় ৪.২ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা ছিল ফিফার।
এই সপ্তাহে রাবাতে জরুরি বৈঠকের পর ফিফা জানিয়েছে যে, এই প্রস্তাবকে ঘিরে নিজেদের ভুলের জন্য তারা তাদের সদস্যদের কাছে ক্ষমা চেয়েছে।
এই বিতর্কের জন্ম দেওয়া প্রক্রিয়াগুলো পর্যালোচনা করারও প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
ফিফার ভুল স্বীকার করল আর্জেন্টিনা
এই প্রস্তাবের ফলস্বরূপ সৃষ্ট পরিস্থিতিতে ফিফা সভাপতির পদে ইনফান্তিনোর অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে এবং আগামী মার্চে মরক্কোতে অনুষ্ঠেয় ফিফা কংগ্রেসে তার চতুর্থবারের মতো পুনর্নির্বাচনের প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়েছে। কিছুদিন আগেও তার পুনরায় সভাপতি হওয়া একরকম নিশ্চিত বলেই মনে হচ্ছিল।
তবে নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রার্থী সামনে আসেননি এবং এই সুইস প্রশাসক এখনও যথেষ্ট সমর্থন পাচ্ছেন, যাদের মধ্যে আছে আর্জেন্টিনাও।
ইনফান্তিনোকে লেখা এক চিঠিতে গত ১০ বছরে ফিফার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও গত বিশ্বকাপের রানার্স আপ দেশটির ফেডারেশন বলেছে যে, “একটি সুস্পষ্ট, স্থিতিশীল ও স্বচ্ছ মডেলের ওপর ভিত্তি করে বিশ্বব্যাপী ফুটবলের উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক শক্তির ওপর কেন্দ্র করে পরিচালিত হয়েছে।”
যদিও এএফএ স্বীকার করেছে যে, বাতিল হওয়া প্রস্তাবটি নিশ্চয়তার চেয়ে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করেছিল এবং এতে ভুলও হয়েছে। তবুও তারা বলেছে যে, আগামী বছরের কংগ্রেসের আগে ফিফার নেতৃত্বেই কাজ চালিয়ে যাওয়াটাই হলো সামনের তাকানোর পথ।
কনমেবলের পূর্ববর্তী বিবৃতিতে ‘সংলাপ ছাড়াই বারবার একতরফা পদক্ষেপ নেওয়ার’ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং স্বচ্ছতা বাড়াতে ফিফার এক দশকেরও বেশি আগে প্রবর্তিত প্রাতিষ্ঠানিক সংস্কারের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।
ইংল্যান্ড ও আলবেনিয়ার অনুরূপ পদক্ষেপের পর, ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারকারী স্বতন্ত্র জাতীয় সংস্থাগুলোর মধ্যে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনও ছিল।
ক্রোয়েশিয়ার ফেডারেশন বলেছে, “২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলী এবং আমাদের পরিচালনা পর্ষদের মধ্যে আলোচনার আলোকে ফেডারেশনের অভ্যন্তরে একটি পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ফুটবলারদের সংগঠন ফিফপ্রো বৃহস্পতিবার বলেছে যে, ইনফান্তিনোর প্রস্তাবটি কেবল একটি প্রশাসনিক ব্যর্থতাই নয়, বরং ‘সভাপতির ক্ষমতার চরম অপব্যবহার।’
ফিফা যদিও দাবি করছে যে, ণিজ্যিক অধিকার সংক্রান্ত প্রস্তাবের বিষয়ে গৃহীত সমস্ত পদক্ষেপ তাদের নিয়মকানুন মেনেই নেওয়া হয়েছে এবং জোর দিয়ে বলেছে যে, ভুলগুলো প্রশাসনিক নিয়ম লঙ্ঘনের পরিবর্তে প্রক্রিয়া এবং যোগাযোগের সঙ্গে সম্পর্কিত ছিল।