১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিকড়ে ফিরছেন টেন হাগ

আগামী মৌসুমে এফসি টুয়েন্টের টেকনিক‍্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি।

শিকড়ে ফিরছেন টেন হাগ
এরিক টেন হাগ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

সবশেষ দুই ক্লাবে তিক্ত অভিজ্ঞতার পর শিকড়ে ফিরছেন এরিক টেন হাগ। এফসি টুয়েন্টে জানিয়েছে, আগামী মৌসুমে টেকনিক‍্যাল ডিরেক্টর হিসেবে কাজ করবেন তিনি।

১৯৮৯ সালে নেদারল‍্যান্ডসের এই ক্লাবেই খেলোয়াড়ি জীবন শুরু করেন টেন হাগ। ২০০২ সাল পর্যন্ত ছিলেন সেখানেই। এবার নতুন ভূমিকায় ২০২৮ সালের মাঝামাঝি সময় পর্যন্ত চুক্তি করেছেন তিনি। 

৫৫ বছর বয়সী টেন হাগ আগামী ১ ফেব্রুয়ারি ক্লাবে যোগ দেবেন। মৌসুম শেষে টেকনিক‍্যাল ডিরেক্টর ইয়ান স্টুইয়ার অবসর নিলে তার স্থলাভিষিক্ত হবেন তিনি। 

ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন ম‍্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ।

“আমি মনে করি, এফসি টুয়েন্টেতে ফেরা একটি বিশেষ এবং চমৎকার ব‍্যাপার। সেই ছোটবেলা থেকেই আমি এই দলের সমর্থক।”  

টুয়েন্টেতে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর যুব একাডেমির প্রধান হিসেবে কাজ শুরু করেন টেন হাগ। পরে সহকারী কোচ হিসেবেও ছিলেন কিছু দিন। 

গো অ‍্যাহেড ইগলস, এফসি ইয়োট্রেখট, আয়াক্সের কোচ হিসেবে কাজ করেন টেন হাগ। আয়াক্সে দারুণ সাফল‍্য পাওয়ার পর যোগ দেন ম‍্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে সময় ভালো কাটেনি, ছাঁটাই হন ২০২৪ সালের অক্টোবরে। 

সেখান থেকে যান বায়ার লেভারকুজেনে। বুন্ডেসলিগায় দুই ম‍্যাচ পরেই টেন হাগকে ছাঁটাই করে জার্মানির ক্লাবটি। গত নভেম্বরে তাকে ফেরাতে যোগাগযোগ করেছিল আয়াক্স। কিন্তু টেন হাগ জানান, সেখানে ফেরার কোনো ইচ্ছা তার নেই। এবার বেছে নিলেন নতুন ঠিকানা।