১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কিলি গন্সালেসকে কোচ করার সিদ্ধান্ত ‘মেসির নয়’

ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিয়ের্মো ওশো নিশ্চিত করেছেন, সিদ্ধান্তটি পুরোপুরি ক্লাবের।

কিলি গন্সালেসকে কোচ করার সিদ্ধান্ত ‘মেসির নয়’
ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 04:42 PM

Updated : 11 Sep 2026, 03:55 PM

ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে ক্রিস্তিয়ান ‘কিলি’ গন্সালেসকে ব্যক্তিগতভাবে বেছে নিয়েছেন লিওনেল মেসি, এমন আলোচনা উড়িয়ে দিয়েছেন গিয়ের্মো ওশো। মেজর লিগ সকারের (এমএলএস) দলটির অন্তর্বর্তীকালীন কোচ নিশ্চিত করেছেন, সিদ্ধান্তটি পুরোপুরি ক্লাবের।

হাভিয়ের মাসচেরানো সরে দাঁড়ানোর চার মাস পর গত বৃহস্পতিবার গন্সালেসকে নিয়োগ দেয় মায়ামি। ওয়ার্ক পারমিট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন আর্জেন্টিনার সাবেক উইঙ্গার। তার আগ পর্যন্ত ডাগআউটে থাকবেন ওশো।

মন্ট্রিয়ালের বিপক্ষে শনিবার খেলবে মায়ামি। এক ম‍্যাচের নিষেধাজ্ঞা থাকায় ম্যাচটিতে ডাগআউটে থাকবেন না ওশো। আগের দিন সংবাদ সম্মেলনে গন্সালেসের নিয়োগে মেসির ভূমিকা থাকার আলোচনা উড়িয়ে দেন তিনি। 

“না না, (গনসালেসকে নিয়োগের সিদ্ধান্ত মেসির ছিল না)। এটা ক্লাবের সিদ্ধান্ত।”

তবে মেসির মতো একজন মহাতারকার কাছ থেকে পরামর্শ নেওয়া হলে, সেখানে সমস্যার কিছু দেখেন না ওশো।

“আমি মনে করি, মেসির মতো ব্যক্তিত্ব ও বিশালত্বের খেলোয়াড়দের কাছ থেকে যে ধরনের প্রভাব প্রত্যাশা করা হয়, তারও তেমন প্রভাব রয়েছে। অন্য জায়গাতেও নিশ্চয়ই এমনটা হয়।

“যেমন, বোকা জুনিয়র্সে থাকলে, লেয়ান্দ্রো পারেদেসের মতো কারও সঙ্গে পরামর্শ করতে পারেন। কারণ বোকায় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব পারেদেস। কোনো কোচের দায়িত্ব অব্যাহত রাখা বা নতুন কোচ নিয়োগের বিষয়ে তার কথার যথেষ্ট গুরুত্ব রয়েছে।”

আর্জেন্টিনা দলে অল্প সময়ের জন্য মেসি ও গন্সালেস সতীর্থ ছিলেন। ২০০৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও উরুগুয়ের বিপক্ষে দুটি ম্যাচে তারা একসঙ্গে খেলেন।

১৯৯৫ থেকে ২০০৫ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৫৬ ম‍্যাচ খেলেন গন্সালেস। ইন্টার মিলান, ভালেন্সিয়া, রোসারিও সেন্ত্রালসহ নানা ক্লাবে খেলেন তিনি।

২০২০ সালে কোচিংয়ে যোগ দেন গন্সালেস। আর্জেন্টিনার বিভিন্ন ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি।

এমএলএস কাপের শিরোপাধারীরা নিজেদের শেষ পাঁচ ম‍্যাচের চারটিতেই হেরেছে। ইস্টার্ন কনফারেন্সে ন‍্যাশভিলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে মায়ামি। ধুঁকতে থাকা দলের দায়িত্ব নিতে যাচ্ছেন গন্সালেস।

কোচ পরিবর্তনের বিষয়টি ক্লাব স্বচ্ছতার সঙ্গেই করেছে বলে উল্লেখ করেছেন ওশো। তার মতে, গন্সালেসের দায়িত্ব পাওয়া নিয়ে কোনো নাটকীয়তা নেই।

“প্রথম দিন থেকেই যোগাযোগের পথ খোলা ছিল। এটা খুব স্বাভাবিক, কারণ আমরা বিশেষ একটি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছিলাম এবং সেই ভূমিকাটিই কেবল দীর্ঘায়িত হচ্ছিল।

“এখন তারা এমন একজনকে খুঁজে পেয়েছে, যে আমার দৃষ্টিতে একদম উপযুক্ত, অত্যন্ত যোগ্য এবং সত্যিই ক্লাবটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে সক্ষম। এটা একেবারেই পরিষ্কার। দলের দুর্দান্ত খেলোয়াড়রা আমাদের সময়ে যেমন উজ্জ্বল ছিলেন, তার কোচিংয়েও একইভাবে আলো ছড়াবেন এবং আমরা ফুটবলের সৌন্দর্য উপভোগ করতে পারব।”