১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেক ইতালিয়ান গোলরক্ষক নিল পিএসজি

তরুণ সম্ভাবনাময় আলেস্সান্দ্রো লনগনিকে দীর্ঘ মেয়াদী চুক্তিতে দলে নিয়েছে ফরাসি ক্লাবটি।

আরেক ইতালিয়ান গোলরক্ষক নিল পিএসজি
পিএসজির নতুন গোলরক্ষক আলেস্সান্দ্রো লনগনি (মাঝে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 09:57 PM

Updated : 11 Sep 2026, 03:36 PM

ইতালিয়ান গোলরক্ষকের প্রতি আগ্রহ যেন কমার নয় পিএসজির। দেশটির সম্ভাবনাময় আলেস্সান্দ্রো লনগনিকে দলে টেনেছে তারা। ফরাসি ক্লাবটির জার্সি গায়ে জড়ানো ইতালির ষষ্ঠ গোলকিপার লনগনি।

১৮ বছর বয়সী লনগনির সঙ্গে পাঁচ বছরের চুক্তি করার কথা সোমবার নিশ্চিত করেছে পিএসজি। চুক্তির মেয়াদ আগামী ২০৩১ সালের জুন পর্যন্ত। ইতালিয়ান ক্লাব এসি মিলানের যুব দলের সঙ্গে চুক্তি শেষে, ফ্রি টান্সফারে তাকে দলে নিয়েছে টানা দুইবারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা।

কোমোতে জন্ম নেওয়া ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা লনগনিকে ক্লাবের ওয়েবসাইটে স্বাগত জানিয়েছে পিএসজি। দলবদলের আনুষ্ঠানিকতা শেষে, নতুন কোচিং স্টাফের তার প্রতি দেখানো বিশ্বাসের মর্যাদা দিতে কঠোর পরিশ্রম করার প্রতিশ্রুতি দিয়েছেন লনগনি।

“প্রথমেই, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং আমার ওপর আস্থা রাখার জন্য প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি, লুইস কাম্পোস ও লুইস এনরিকেকে ধন্যবাদ জানাতে চাই। পিএসজিতে যোগ দিতে পেরে আমি খুবই খুশি। এই আস্থার প্রতিদান দিতে সবসময় যেভাবে পরিশ্রম করে এসেছি, সেভাবেই কাজ করে যাব।”

২০২৪ সালের উয়েফা ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ জিতেছেন লনগনি। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে দুটি পেনাল্টি ঠেকিয়েছিলেন তিনি।

রেকর্ড অনুযায়ী, পিএসজির ইতিহাসে ক্লাবটির প্রতিনিধিত্ব করা ১৪তম ইতালিয়ান খেলোয়াড় লঙ্গোনি। গোলরক্ষক হিসেবে তার আগে ক্লাবটির হয়ে খেলেছিলেন সালভাতোরে সিরিগু, জানলুইজি বুফ্‌ফন, দেনিস ফ্রানচি, জানলুইজি দোন্নারুম্মা এবং রেনাতো মারিন।